২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতুর কার্যাদেশ অক্টোবরে’

অক্টোবরে পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে জানালেও কাদের অর্থায়নে তা হবে তা বলেননি অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অক্টোবর মাসের মধ্যেই দেশে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনা পরে এ কথা জানান তিনি। তবে কাদের অর্থায়নে এ সেতুর কাজ শুরু হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। পদ্মা সেতুর বিষয়টি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার- এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “আর অপেক্ষা করা যায় না। আমাদের উদ্দেশ্য আগামী শুকনো মৌসুমেই পদ্মা সেতুর কাজ শুরু করা।” “নির্বাচনী অঙ্গীকারে আমরা বলি নাই যে, আমাদের সময়ে এটা সম্পন্ন হবে। আমরা বলেছি, এটা শুরু হবে। এজন্য আমাদের প্রথম ক্রয় কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।” অর্থায়নের বিষয়টি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানান অর্থমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার বিনিয়োগের প্রস্তাবের পাশাপাশি অন্য দাতাদের অর্থায়নের প্রস্তাবগুলো কার্যকর করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগকে ’পিছিয়ে যাওয়া’ যাওয়া হিসাবে অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, “এটা হয়ে একটা বছর নষ্ট হয়েছে।” ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ আরো কয়েকটি দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি করেছিল সরকার। ওই সময় প্রকল্প ব্যয় ধরা হয় ২৯০ কোটি ডলার। তবে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থছাড় স্থগিত করে বিশ্ব ব্যাংক। এর পর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংকও ঋণ সহায়তা ছাড় করেনি। এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে মালয়শিয়া। গত ২৫ মার্চ মালয়শিয়ার মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে। এর ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ায় সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। সমাঝোতা স্মারকে সই করে দেশে ফেরার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মালয়শিয়া কর্তৃপক্ষ বিস্তারিত প্রস্তাব দিলেই এই সেতু নির্মাণের জন্য চূড়ান্ত চুক্তি হবে। এরপর চলতি বছরই মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রী অবশ্য বলেছিলেন, মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক হলেও বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাচ্ছে- এমন নয়। আর বিশ্ব ব্যাংক ইতোমধ্যে জানিয়েছে, কানাডায় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে তা শেষ হওয়ার পরই তারা অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআইটি/আরএ/১৯৫৪ ঘ.