২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তথ্যে ঘাটতি, বললেন মুহিত

বিভ্রান্তি এড়াতে বিদ্যুৎ খাতের সার্বিক চিত্র সুনির্দিষ্ট করে তুলে ধরতে একটি প্রতিবেদন সংসদে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের উৎপাদন ও চাহিদা নিয়ে প্রকৃত তথ্যে বিভ্রান্তি রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বিভ্রান্তি দূর করতে আগামী বাজেটে বিদ্যুৎ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে তথ্যবহুল একটি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার সকালে ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসার আগে উদ্বোধনী বক্তব্যে মুহিত এই কথা জানান। বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানী সচিবের উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য বলেন, “আপনারা আছেন না কি?” “বিদ্যুতের প্রকৃত তথ্যের ভয়ঙ্কর অভাব আছে। এ কারণে আমরা (সরকার) সার্বিক পরিস্থিতি নিয়ে নতুন বাজেটে একটি প্রতিবেদন উপস্থাপন করব,” এরপরই বলেন মন্ত্রী। মুহিত জানান, ওই প্রতিবেদনে ২০০৯ সালের পর বিদ্যুৎ খাতে মোট কতগুলো দরপত্র হয়েছে, কতগুলো কেন্দ্র উৎপাদনে গেছে, কতগুলো বন্ধ রয়েছে, সুনির্দিষ্ট করে সব তথ্য থাকবে। দেশে বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার মেগাওয়াট বাড়ানোর কথা সরকার বলে এলেও তাতেও সমস্যার সমাধান হয়নি। লোডশেডিং করে পরিস্থিতি শামাল দিতে হচ্ছে। সরকারের বিভিন্ন মাধ্যম থেকে বলা হয়, বর্তমানে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন সাড়ে ৫ হাজার মেগাওয়াট ছাড়ালেও চাহিদা প্রায় ৭ হাজার মেগাওয়াট। আগামী বাজেটে একটি জেলার জন্য পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। জেলা বাজেটে বরাদ্দকৃত আয়-ব্যয়সহ সার্বিক বিষয়গুলো উল্লেখ থাকবে। শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেকসহ সব মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএমআর/এমআই/১৩৩৫ ঘ.