২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির রিট ‘প্রি ম্যাচিউরড’, আদেশ মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দায়ের করা রিট আবেদনের বিষয়ে আগামী ১৭ এপ্রিল আদেশ দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দায়ের করা রিট আবেদনের বিষয়ে আগামী ১৭ এপ্রিল আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ বুধবার শুনানি শেষে এই দিন রাখেন। শুনানিতে ডেসটিনির আবেদনটিকে ‘প্রি ম্যাচিউরড’ অভিহিত করে আদালত বলেন, বিষয়টি এখনো মামলা করার পর্যায় আসেনি। শুনানির শেষে দিকে আদালত রিটকারীর আইনজীবীদের বলেন, “রিট উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করাতে পারেন। নয়তো আমরা আদেশ দেব।” এ সময় ডেসটিনির আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ আবেদনটি ফিরিয়ে নিতে চাইলে আদালত বলে, এই পর্যায়ে এসে ফেরত নেওয়ার সুযোগ নেই। এরপর ডেসটিনির আইনজীবী আবেদনের বিষয়ে আদেশ চান। আদালত আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন। শুনানিতে ডেসটিনির পক্ষে আরো ছিলেন ব্যারিস্টার মিজান সাঈদ, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত থাকলেও শুনানিতে অংশ নেননি। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন গত রোববার হাইকোর্টে এই রিট আবেদন করেন। ডেসটিনিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয় ওই আবেদনে। এতে বিবাদী করা হয় অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। ডেসটিনির আইনজীবী মিজান সাঈদ গত রোববার বলেন, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৫১ ধারা অনুসারে ওই পরিদর্শন প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু এই আইনের তিন ধারায় বলা আছে, সমবায় সমিতি ক্ষেত্রে এই আইনের ৪৪ ধারা ব্যতীত অন্য ধারাগুলো প্রযোজ্য হবে না। “আর ৪৪ ধারা অনুসারে পরিদর্শন প্রতিবেদন দিতে হলে আমাদের অনুলিপি দিতে হবে। শুনানি করতে হবে। এসব প্রক্রিয়া অবলম্বন না করেই ১১ মার্চ বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি দিয়ে দেয়,” বলেন তিনি। বিভিন্ন সংবাদপত্রে ডেসটিনি গ্রুপের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে খবর প্রকাশের প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শনিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতারণা বন্ধে এমএলএম কোম্পানি যুবকের মতো ডেসটিনির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ রকম প্রতিষ্ঠান যাতে তাদের সম্পদ স্থানান্তর করতে না পারে সেজন্য যুবকের মতো একটি কমিশন করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৩৭ ঘ.