২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সমঝোতা স্মারক নিয়ে মুহিতের ‘মন্তব্য নেই’

পদ্মা সেতু নিয়ে মালয়শিয়া ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে মালয়শিয়া ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মালয়শিয়ায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে স্মারক স্বাক্ষরের দিন (মঙ্গলবার) অর্থমন্ত্রী ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি কোনো মন্তব্য করব না।” কয়েকদিন আগে সমঝোতা স্মারক প্রসঙ্গে মুহিত বলেছিলেন, সেটি হতে যাচ্ছে অবকাঠামো বিষয়ে; এতে পদ্মা সেতু প্রকল্প থাকতেও পারে। মালয়শিয়ার সঙ্গে মঙ্গলবার স্বাক্ষরিত সমঝোতার আওতায় মালয়শিয়ার সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থা পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় অর্থের যোগান দেবে। এতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে অন্তত দুশ ৩০ কোটি ডলার। তবে প্রকল্পের খরচ বাড়তে পারে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে। মালয়শিয়ার যে প্রতিষ্ঠান সেতু প্রকল্পের দায়িত্ব পাবে তারা এর কারিগরি ও অর্থনৈতিক প্রস্তাব তৈরি করে জমা দেবে। এর ভিত্তিতেই নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তরের (বিওওটি) বিষয়গুলোর ফয়সালা হবে। সমঝোতা স্মারকের মেয়াদ থাকবে সই হওয়ার তারিখ থেকে নয় মাস। রাজধানীতে মঙ্গলবার একটি বৈঠক শেষে অর্থমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় সমঝোতা স্মারক বিষয়ে তার মন্তব্য জানতে চান সাংবাদিকরা। এ সময় ‘মন্তব্য করবেন না’ বলে দ্রুত চলে যান মন্ত্রী। কমিটির বৈঠকটি হয় শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ আরো কয়েকটি দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি করেছিল সরকার। ওই সময় প্রকল্প ব্যয় ধরা হয় দুশ ৯০ কোটি ডলার। তবে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থছাড় স্থগিত করে বিশ্ব ব্যাংক। এর পর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংকও ঋণ সহায়তা ছাড় করেনি। এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে মালয়শিয়া। গত ২৫ মার্চ মালয়শিয়ার মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯৩৭ ঘ.