হেরোইন পাচার: বিডি ফুডসের এক মামলা চলবে
পণ্য রপ্তানির আড়ালে লন্ডনে ৫৪ কেজি হেরোইন পাচারের মামলার কার্যক্রম ১৯ জুলাই পর্যন্ত চলতে বাধা নেই।
২০০৬ সালের ৬ মে সূত্রাপুর থানায় হওয়া এ মামলার কার্যক্রম গত ১৯ মার্চ স্থগিত করে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সেই আদেশের কার্যকারিতা সোমবার স্থগিত করেন চেম্বার বিচারপতি।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ইমান আলী এ স্থগিতাদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। খোন্দকার দিলীরুজ্জামান তাকে সহায়তা করেন।
লন্ডনে শাক-সব্জি ও টাইলসের আড়ালে ৭৫ কেজি হেরোইন পাচারের ঘটনায় দুটি মামলা হয় বিডি ফুডস লিমিটেডের বিরুদ্ধে। ওই ঘটনায় সূত্রাপার থানার মামলার পাশাপাশি ২১ কেজি হেরোইন পাচার নিয়ে মতিঝিল থানায় একটি মামলা হয় ২০০৬ সালেরই ২১ এপ্রিল।
বিডি ফুডসের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনের এক আবেদনের প্রেক্ষিতে সূত্রাপুর থানার মামলাটির কার্যক্রম স্থগিত করে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি আগামী ১৯ জুলাই পর্যন্ত হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ দেন সোমবার।
২১ কেজি হেরোইন পাচারের ঘটনায় করা অন্য মামলার কার্যক্রমে ১ ফেব্রুয়ারি স্থগিতাদেশ দেয় হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ৯ মার্চ চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ দেন।
