২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়ন বন্ধ

সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ বন্ধ রাখায় চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন কার্যক্রম মঙ্গলবারও বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ বন্ধ রাখায় চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন কার্যক্রম মঙ্গলবারও বন্ধ রয়েছে। চিটাগাং সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই আমদানি চালানে আসা একাধিক কন্টেইনার বিভিন্ন পর্যায়ে খালাসের ক্ষেত্রে আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করায় তারা সকাল ৯টা থেকে তারা কাজ বন্ধ রেখেছেন। ফলে সকাল থেকেই বন্ধ রয়েছে কাস্টম হাউজের শুল্কায়ন কার্যক্রম। একই কারণে সোমবারও চার ঘণ্টা শুল্কায়ন বন্ধ থাকে। মাহমুদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধাপে ধাপে পণ্য খালাসের পর সেসব পণ্য আমদানিকারকের হেফাজতে থাকবে। এক্ষেত্রে তারাই অঙ্গীকারনামা দেবেন। কিন্তু সিঅ্যান্ডএফ এজেন্টদের কেন অঙ্গীকারনামা দিতে হবে?” এদিকে রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) নাসির উদ্দিন মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেছেন। কাস্টমস কর্মকর্তারা সোমবারও এ নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে বসলেও কোনো সমাধান আসেনি। কাস্টম হাউজের নিয়ম অনুযায়ী, আমদানি পণ্যের কন্টেইনার জাহাজ থেকে খালাস করে আমদানিকারকের কাছে হস্তান্তরের আগে তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। নতুন নিয়মে আমদানিকারকের পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানকেও তা দিতে হবে। এছাড়া নতুন নিয়মে একই দিনে আমদানি হওয়া সব কন্টেইনার ছাড় নেওয়ার কথা রয়েছে। অথচ এর আগে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে কন্টেইনার ছাড় করাতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২০৮ ঘ.