২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাসে ৯৫০ কোটি ডলার রেমিটেন্স

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) প্রবাসী বাংলাদেশিরা ৯৫০ কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) প্রবাসী বাংলাদেশিরা ৯৫০ কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭৫ কোটি ডলার বেশি। গত বছরের জুলাই-মার্চ সময়ে ৮৭৯ কোটি ২৭ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রেমিটেন্স বৃদ্ধির এ ইতিবাচক ধারায় সন্তোষ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চলতি অর্থবছরের নয় মাসের সাত মসেই ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা পদক্ষেপের ফলে এ সফলতা এসেছে। আশা করছি অর্থবছরের বাকি তিন মাসও এ ধারা অব্যাহত থাকবে।” সব মিলিয়ে এবার রেমিটেন্স এক হাজার ৩০০ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন আতিউর রহমান। গত অর্থবছরে এক হাজার একশ ৫৬ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। এদিকে রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের ৯০ কোটি ডলার আমদানি দেনা পরিশোধের পর মার্চ মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ ৮২০ কোটি ডলারে নেমে এসেছিল। সোমবার সেই রিজার্ভ বেড়ে ৯৬৫ কোটি ডলারে দাঁড়ায়। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো তথ্য অনুযায়ী মার্চ মাসে ১১০ কোটি ৭০ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। গত বছরের মার্চ মাসে এসেছিল ১০০ কোটি ডলারের কিছু বেশি। ফেব্রুয়ারি মাসে এসেছিল ১১৩ কোটি ৯ লাখ ডলার। অতীতের সব রেকর্ড ভেঙে জানুয়ারি মাসে ১২২ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠান প্রবাসীরা। এর আগে এক মাসে এত রেমিটেন্স দেশে আসেনি। ডিসেম্বর মাসে এসেছিল ১১৪ কোটি ডলার। গভর্নর বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির পরিমাণ বৃদ্ধি, ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউজের সংখ্যা বৃদ্ধি এবং সহজেই বিদেশি মুদ্রা হিসাব খোলার সুযোগ সৃষ্টির কারণে রেমিটেন্স বাড়ছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নমনীয় বিদেশি মুদ্রা বিনিময় হার নীতি কৌশলের কারণেও রেমিটেন্স বাড়ছে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০১ কোটি ৫৫ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে। অগাস্ট মাসে আসে ১১০ কোটি ১৭ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরে এসেছে যথাক্রমে ১০৩ কোটি ৯৪ লাখ ও ৯০ কোটি ৮১ লাখ ডলার রেমিটেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১১৭ ঘ.