২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যাংক সিদ্ধান্ত নিতে বসছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড

বেসরকারি খাতে নতুন বাণিজ্যিক ব্যাংক পরিচালনার লাইসেন্স অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রেখে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা বসছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে নতুন বাণিজ্যিক ব্যাংক পরিচালনার লাইসেন্স অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রেখে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা বসছে বুধবার। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার দুপুর দেড়টায় ব্যাংকের বোর্ড সভা আছে। আলোচ্যসূচিতে নতুন ব্যাংক অনুমোদনের বিষয়টিও আছে।” গভর্নর আতিউর রহমান এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানান তিনি। এর আগে গত ১৬ মার্চ পরিচালনা পর্ষদের সভার আলোচ্যসূচিতেও নতুন ব্যাংক অনুমোদনের বিষয়টি ছিল। তবে সেদিন অনুমোদনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়ে গত ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এতে যথাযথ প্রক্রিয়া ও শর্ত মেনে ৩০ নভেম্বরের মধ্যে অফেরতযোগ্য ১০ লাখ টাকার জামানতসহ আবেদন করতে বলা হয় আগ্রহীদের। আবেদনের যোগ্যতায় এমন শর্ত রাখা হয়েছিল- যাতে কোনো ঋণ খেলাপি ব্যাংকের লাইসেন্স পেতে না পারে। ৪০০ কোটি টাকার মূলধন, একজন উদ্যোক্তার ১০ শতাংশ শেয়ারের অধিকারী হওয়া, গত ৫ বছরে খেলাপি থাকলে বা এ বিষয়ে মামলা চললে তার আবেদন বিবেচনায় না নেওয়া, পরিচালনা পর্ষদে সর্বাধিক ১৩ সদস্য রাখা, উদ্যোক্তার আয়কর বিবরণীতে প্রদর্শিত সম্পদ থেকে ব্যাংকের মূলধন সরবরাহ, উদ্যোক্তা বা পরিচালকের সততা ও যোগ্যতা যাচাইসহ বেশ কিছু কঠিন শর্ত বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৩৭টি আবেদন কেন্দ্রয়ী ব্যাংকে জমা পড়ে, যার মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১৬টি আবেদন বিবেচনার জন্য রাখা হয়। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর কার্যালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ঘুরে সেই তালিকা আরো যাছাই-বাছাইয়ের পর অর্থমন্ত্রণালয়ে পৌঁছায়। সেখান থেকে একটি সংক্ষিপ্ত তালিকা আসে কেন্দ্রীয় ব্যাংকে। সেই তালিকার ভিত্তিতেই নতুন ব্যাংক অনুমোদন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রবাসী উদ্যোক্তাদের মালিকানায় বাণিজ্যিক ব্যাংকের জন্য চারটি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে বাছাইয়ে তিনটি আবেদন চূড়ান্ত করেছে করা হয় বলে জানা গেছে। এদিকে অভিযোগ উঠেছে, নতুন ব্যাংকের জন্য আবেদনকারী উদ্যোক্তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এমন অভিযোগের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিছুদিন আগে সাংবাদিকদের বলেছিলেন, নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার বিষয়টি সরকারের রাজনৈতিক ইচ্ছা। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত তালিকার আবেদনগুলোর মধ্যে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের ‘ফার্মারস ব্যাংক’ রয়েছে। তাকে ব্যাংকটির চেয়ারম্যান করার প্রস্তাব করা হয়েছে। জনৈক হুমায়ুন কবীরের নাম চেয়ারম্যান হিসেবে দেখানো হয়েছে মধুমতি ব্যাংকের প্রস্তাবে। তবে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এই প্রস্তাবের সঙ্গে ঢাকা-১২ আসনে ক্ষমতাসীন দলের সাংসদ ফজলে নূর তাপসের নাম এসেছে। যুবলীগ নেতা মির্জা আজমের প্রস্তাবিত ব্যাংকের নাম ‘দ্য পিপলস ব্যাংক’। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছে ইউনিয়ন ব্যাংক, যার পেছনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। অবশ্য আবেদনে চেয়ারম্যান হিসেবে শহীদুল আলম নামের এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এ ব্যাংকের ক্ষেত্রে। সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও নসরুল হামিদের প্রস্তাবিত ব্যাংকের নাম ‘মেঘনা ব্যাংক’। চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে আশিকুরের। ‘কটক বাংলা ব্যাংক’ এর জন্য আবেদন করেছে নিটল প্র“পের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ। তার সঙ্গে উদ্যোক্তা হিসেবে আরো কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। ‘ফেডারেল ব্যাংক’ ব্যাংকের প্রস্তাবে চেয়ারম্যান হিসেবে রয়েছে সরকারদলীয় সাংসদ শাহরিয়ার আলমের নাম, যে ব্যাংকের পেছনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের নামও এসেছে। প্রস্তাবিত ‘পিপলস ইসলামী ব্যাংক’-এর চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে আবুল কাশেম নামে এক প্রবাসীর। তার সঙ্গে রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৯৫৪ ঘ.