২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪১ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি

বরাবরের মতো এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ৫ হাজার কোটি টাকা কমিয়েছে সরকার। সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে ৪১ হাজার কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো চলতি অর্থবছরেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থ কাটছাঁট করেছে সরকার। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণার সময় এডিপিতে বরাদ্দ রাখা হয়েছিল ৪৬ হাজার কোটি টাকা। তবে অর্থ ব্যয় আশানুরূপ না হওয়ায় এই বরাদ্দ থেকে ৫ হাজার কোটি টাকা ছেঁটে ফেলা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে ৪১ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এক কে খন্দকার। তিনি সাংবাদিকদের বলেন, এবারের সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তা কমিয়ে ১৫ হাজার কোটি টাকা করা হয়েছে। স্থানীয় মুদ্রায় সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ হাজার কোটি টাকা। মূল এডিপিতে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা বিদেশি সাহায্য আসবে বলে ধরা হয়েছিল। আর স্থানীয় মুদ্রায় বরাদ্দ ছিল ২৭ হাজার ৩১৫ কোটি টাকা। প্রতি বছরই বাজেট ঘোষণার সময় এডিপিতে যে বরাদ্দ রাখা হয়, পরে তা কমানো হয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত প্রকল্পের টাকা খরচ করতে না পারার কারণেই এডিপি কাটছাঁট করা হচ্ছে। এছাড়া প্রকল্প সাহায্য কম ছাড় হওয়া এডিপি কমানোর অন্যতম কারণ।” সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম আট (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৩৮ শতাংশ। গত অর্থবছরের এ সময়ে বাস্তবায়নের হার ছিল ৩৭ শতাংশ। পর্যালোচনায় দেখা যায়, প্রতি বছরই প্রথম সাত-আট মাস পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার হতাশাজনক থাকলেও অর্থবছরের শেষে তা দ্রুত বেড়ে যায়। এডিপি কাটছাঁটে হতাশা প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটাই আমাদের দুর্ভাগ্য। প্রতি বছরই আমরা বিশাল অংকের এডিপি নেই। কিন্তু বাস্তবায়ন আশানুরূপ না হওয়ায় ছেঁটে ফেলি। “অর্থবছরের শেষ দিকে এসে আবার তড়িঘড়ি করে কাজ শেষ করি। এতে টাকা খরচ হয় ঠিকই, কিন্তু কাজের মান ভালো হয় না।” “এটা আমাদের সংস্কৃতিরই একটি অংশ হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অর্থবছরের শুরু থেকেই কাজের গতি বাড়াতে হবে,” বলেন মির্জ্জা আজিজ। গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৯২ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে ছিল ৯০ শতাংশ। আর ২০০৮-০৯ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৮৬ শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ কমলেও প্রকল্প বেড়েছে ১৮৯টি। মূল এডিপিতে প্রকল্প ছিল ১ হাজার ৩৯টি। সংশোধিত এডিপিতে তা বেড়ে ১ হাজার ১২৮টি হয়েছে। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প সংখ্যা বেড়েছে কি না- প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী বলেন, “না, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প বাড়েনি, দেশের উন্নয়নেই বেড়েছে।” অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১২ মার্চ জাতীয় সংসদে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত যে প্রতিবেদন উপস্থাপন করেন তাতে সংশোধিত এডিপি ৪০ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। কর্মকর্তারা শনিবার পর্যন্তও একই আভাস দিয়েছিলেন। কিন্তু রোববার এনইসি’র বৈঠকে ৫০০ কোটি টাকা বাড়িয়ে তা অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে বৈঠকে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না- জানতে চাইলে এ কে খোন্দকার বলেন, যে সব মন্ত্রণালয়/বিভাগ টাকা ব্যয় করতে পারছে না, তাদের টাকা অন্যদের বরাদ্দ দিতে বলেছেন প্রধানমন্ত্রী, যারা ব্যয় করতে সক্ষম। “তিনি সরাসরি বলেছেন, টাকা খরচ করতে না পারলে সে টাকা ধরে রেখে লাভ নেই। যারা ভালোভাবে খরচ করছে তাদের দিয়ে দিলে দেশের উন্নয়ন হবে,” বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, বরাদ্দের ক্ষেত্রে বিদ্যুৎ খাতকে সংশোধিত এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দের পরিমাণ ৭ হাজার ১৮৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৭ দশমিক ৭৪ শতাংশ। বেশি বরাদ্দপ্রাপ্ত অন্য প্রকল্পগুলো হচ্ছে- পরিবহন (৫৯০৮ কোটি টাকা, ১৪.৫৯%), পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান (৫০১৩ কোটি টাকা, ১২.৩৮%), শিক্ষা ও ধর্ম (৪৮০৮ কোটি টাকা, ১১.৮৭%), ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন (৪১৭৬ কোটি টাকা, ১০.৩১%), স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ (৩৩৬০ কোটি টাকা, ৮.৩০%) এবং কৃষি (২৫৪১ কোটি টাকা, ৬.২৭%)। গত কয়েক বছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০০৯-১০ অর্থবছরে ৩০ হাজার ৫০০ কোটি টাকার এডিপি কাঁটছাট করে নামিয়ে আনা হয় ২৮ হাজার ৫০০ কোটি টাকায়। ২০১০-১১ অর্থবছরে মূল এডিপি ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা, কমিয়ে আনা হয় ৩৫ হাজার ৮৮০ কোটি টাকায়। আগামী ২০১২-১৩ অর্থবছরে এডিপি আকার ৫৪ হাজার ৩০০ কোটি টাকা হচ্ছে বলে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল জানান। এর মধ্যে স্থানীয় সম্পদের পরিমাণ ৩৪ হাজার ৩০০ কোটি টাকা (৬০ শতাংশ)। আর প্রকল্প সাহায্য (বিদেশি সাহায্য) ২০ হাজার কোটি টাকা। শামসুল আলম বলেন, “বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাবির পরিপেক্ষিতে পরিকল্পনা কমিশন এডিপির এই আকার চূড়ান্ত করেছে।” বাজেট পেশের আগে এনইসি’র বৈঠকে নতুন এডিপি অনুমোদন দেওয়া হবে বলে জানান পরিকল্পনা কমিশন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৩৭ ঘ.