২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি ব্যয় সংস্থানে ডাব্লিওটিও’র সহায়তা প্রত্যাশা অর্থমন্ত্রীর

বিশ্ব ব্যাংক ও আইএমএফের কাছ থেকে আমদানি ব্যয় সংস্থানের বন্দোবস্ত করে দিতে ডাব্লিওটিও’র মহাপরিচালক প্যাসকাল ল্যামির প্রতি অনুরোধ জানিয়েছেন মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 05:52 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি ব্যয় সংস্থানে সহযোগিতা করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিওটিও) মহাপরিচালক প্যাসকাল ল্যামির প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সফররত ডাব্লিওটিও কর্মকর্তা রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই অনুরোধ জানানো হয়। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডাব্লিওটিও’র নিজস্ব কোনো তহবিল না থাকলেও তারা বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের সঙ্গে কাজ করেন। “তাই তারা (ডাব্লিওটিও) যেন তাদের (বিশ্ব ব্যাংক-আইএমএফ) সঙ্গে কথা বলে ট্রেড ফাইন্যান্সিংয়ের একটা ব্যবস্থা করে, সে জন্য বলা হয়েছে।” বর্তমানে আমদানি ব্যয় সংস্থান ইসলামী উন্নয়ন ব্যাংক করলেও তাতে সুদের হার ৫ দশমিক ৩ শতাংশ বেশ চড়া বলে জানান মুহিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ল্যামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনের বক্তা হিসেবে এই সফর করছেন তিনি। শনিবার সমাবর্তনে যোগ দেন ল্যামি। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব নাকচের কথা রোববারও জানান অর্থমন্ত্রী। শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা এক বৈঠকে এই প্রস্তাব দিলে তা নাকচ করেন মুহিত। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোববার তিনি বলেন, “যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংকের উন্নয়নে কখনো কোনো অর্থ দেয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১১৫০ ঘ.