ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের যথাযথ অনুমোদন ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান কোনো সাবসিডিয়ারী কোম্পানি গঠন করতে পারবে না।
যে সব আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে ওই কোম্পানিতে ইতোমধ্যে বিনিয়োগ করেছে, তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই বিনিয়োগ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সোহরাওয়ার্দী স্বাক্ষরিত ‘আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সাবসিডিয়ারি কোম্পানি গঠন’ শীর্ষক ওই সার্কুলারে বলা হয়েছে, স¤প্রতি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে আর্থিক প্রতষ্ঠান আইন-১৯৯৩ এর আওতা বহির্ভূত ব্যবসায় বিনিয়োগ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ঝুঁকি বাড়ছে।
বিনিয়োগ ঝুঁকি কমাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যে কোনো ধরনের সাবসিডিয়ারি কোম্পানি গঠনের আগে কোম্পানি গঠনের উদ্দেশ্য যথাযথভাবে বর্ণনা করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইনের আওতা বহির্ভূত ব্যবসায় বিনিয়োগ করার উদ্দেশ্যে যে সব আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে ওই কোম্পানিতে বিনিয়োগ করেছে, তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই বিনিয়োগ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হল। ঃ
আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তা এখন থেকে কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২১৬ ঘ.
bdnews24