ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার পতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজার পতনের সঙ্গে সংশিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। এর অংশ হিসাবে ইতোমধ্যে পাঁচ জনের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।”
অর্থমন্ত্রী জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন নির্বাহী পরিচালককে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া, পুঁজিবাজার সংশিষ্ট তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের চিহ্নিতকরণের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
পুঁজিবাজারে বিনিয়োগে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ১ মার্চ এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। তার স্ত্রী রোকসানা আক্তারকে সীমা অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ার জন্যও একটি সিকিউরিটিজ কোম্পানির বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করছে এসইসি।
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত জানান, রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে বাণিজ্যিক ব্যাংকের পাওনা পরিমাণ ৩৯ হাজার ৩১০ কোটি ৬৫ লাখ টাকা।
এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে সর্বোচ্চ ১৬ হাজার ৯৮৭ কোটি টাকা পাওনা আছে। এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে ছয় হাজার ১২ কোটি টাকা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে চার হাজার ১৫ কোটি টাকা, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের কাছে এক হাজার ৬৯০ কোটি টাকা, কৃষি উন্নয়ন করপোরেশনের কাছে এক হাজার ৯২৩ কোটি টাকা ও কৃষি মন্ত্রণালয়ের কাছে এক হাজার ৫৬ কোটি টাকা পাওনা আছে।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ফেব্র“য়ারি পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৪১৫ জন নতুন করদাতাকে সনাক্ত করা হয়েছে। একই সময়ে আয়কর আদায় হয়েছে ১৩ হাজার ৯১০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৭২৯ ঘ.
bdnews24