২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কেন্দ্রের ক্ষতি হলে দায় অপারেটরের

দুর্ঘটনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে বিদেশি অপারেটরের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রেখে একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 06:39 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে বিদেশি অপারেটরের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রেখে একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন-২০১২ এই অনুমোদন পায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট কমিটির যাচাই বাছাই শেষে প্রস্তাবটি পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর আগে গত ২ জানুয়ারি ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পাবনার রূপপুরে রাশিয়ান ফেডারেশনের সহায়তায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এটা আর আট-দশটা প্রকল্পের মতো নয়। এতে করে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করবে।” রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য গত বছর গত ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে এই ‘সহযোগিতা চুক্তি’ করে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করে পাঁচ বছরের মধ্যে তা শেষ করার আশা করছে সরকার। মোশাররাফ হোসাইন ভুঁইঞা জানান, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইনের খসড়ায় একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যে সংস্থা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দিকটি দেখভাল করবে। “যদি কোনো ক্ষয়ক্ষতি হয়- তার দায় নেবে বিদেশি অপারেটর। এই আইনে ক্ষতিপূরণের কথা বলা আছে। বিদেশি অপারেটরের অবশ্যই বীমা থাকতে হবে”, বলেন সচিব। তিনি জানান, ক্ষয়ক্ষতির কোনো অভিযোগ বা দাবি থাকলে তা দশ বছরের মধ্যে জানাতে হবে। ৫০ বছরের মধ্যে তা নিস্পত্তি করতে হবে। ‘বাংলাদেশ আণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠিত হবে পাঁচ সদস্য নিয়ে। প্রতিটি কমিটির মেয়াদ হবে পাঁচ বছর। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি করার কথাও বলা হয়েছে খসড়ায়। সচিব বলেন, “পরমাণু শক্তির জন্য এমন একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকার, যারা নিজেদের চাহিদা পূরণে সক্ষম হবে এবং আন্তর্জাতিক রীতিনীতিও মেনে চলবে। আমাদের এখন পর্যন্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোনো কাঠামো নেই। এছাড়া, কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক কাঠামোও নেই। এ জন্যই এই আইন” ক্ষতিপূরণের পরিমাণ, বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা, তেজস্ক্রিয় বর্জ্যরে অপসারণ এবং এ প্রক্রিয়ার মান এবং পর্যবেক্ষণের বিষয়গুলোও খসড়ায় উল্লেখ করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। এদিন মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্র্নিধারণ এবং মজুরি স্কেল বাস্তবায়নের তারিখ পুনর্বিবেচনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া প্রতি বছরের ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২৩৫ ঘ.