ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে জানিয়ে ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, এ ক্ষেত্রে ‘দুর্নীতির’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবে না তারা।
দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিতের পর এই প্রকল্প নিয়ে মালয়শিয়ার আগ্রহের মধ্যে বুধবার বিশ্ব ব্যাংক কর্মকর্তার এই বক্তব্য এল।
অ্যালেন গোল্ডস্টেইন আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের বলেন, “আমরা তদন্তের প্রাথমিক ফলাফলের অপেক্ষায় আছি।”
“এ নিয়ে (পদ্মা সেতু) জটিলতা রয়েছে, তবে ৪৭০ কোটি ডলারের ৩০টি প্রকল্পের কাজ এগিয়ে যাবে,” বলেন তিনি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ এগোচ্ছে এবং তা এগিয়ে যাবে।
দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছরের অক্টোবরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প আটকে যায়। এই নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে কানাডা।
এ নিয়ে দেশের দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধান চালিয়েছিল, তবে দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি বলে জানিয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে দেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্প আটকে যাওয়ার পর মালয়শিয়া এতে আগ্রহ দেখায়।
পদ্মা প্রকল্পে বিনিয়োগ প্রস্তাব মালয়শিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে অনুমোদন করেছে বলে রোববার জানান ঢাকায় মালয়শিয়ার হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরপর সাংবাদিকদের বলেন, প্রকল্পের দাতা সংস্থাগুলোর সঙ্গে সমস্যা সমাধানের আগে পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে মালয়শিয়ার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেওয়ার কথা ছিল সরকারের।
প্রকল্প বাস্তবায়নে জটিলতা
উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রক্রিয়া নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি বৈঠকে অংশ নেন বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক গোল্ডস্টেইন।
তিনি বলেন, সরকারি অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে ত্বরান্বিত করা যায় এবং সরকারি ক্রয় ব্যবস্থাকে কীভাবে আরো স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্ব ব্যাংক কর্মকর্তা বলেন, “প্রকল্পগুলো অনুমোদিত হতে বেশ সময় লাগে যা সরকার ও এর অংশীদারদের জন্য বেশ হতাশাজনক হয়ে ওঠে। তাছাড়া কর্মকর্তা-কর্মচারীদেরও কোনো প্রকল্প শেষ হওয়ার আগ পর্যন্ত সেভাবেই রাখা উচিত।”
সচিব ইকবাল মাহমুদও স্বীকার করেন, কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রকল্পের গতি অনেক সময় ধীর করে দেয়।
প্রকল্প অনুমোদনে ধীরগতি এড়ানোর বিষয়টি নিয়ে পরিকল্পনা কমিশনকে অনুরোধ করা হবে বলে জানান তিনি।
সচিব বলেন, সহায়তা পাওয়া তহবিল বিতরণ ও এ ব্যাপারে প্রতিশ্রুতির অবস্থা গত বছরের তুলনায় এগিয়েছে। ভবিষ্যতে তা আরো বাড়বে।
তিনি বলেন, “গতবছর (অর্থবছর) আমরা ১০০ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পেয়েছি। এ বছর জানুয়ারি পর্যন্ত আরো ১০১ কোটি ডলার পেয়েছি।”
এই বছর প্রায় ১৪০ কোটি ডলার সহায়তা পাওয়ার আশা রয়েছে এবং দাতা-গ্রহীতা উভয়পক্ষই এই তহবিলের সর্বোত্তম ব্যবহারের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, বলেন সচিব।
গোল্ডস্টেইন বলেন, “এই বছর মার্চ পর্যন্ত সংস্থাটি ৩০ কোটি ডলার ঋণ ছাড় করেছে এবং আরো ৫০ কোটি ডলার ছাড়ের পরিকল্পনা রয়েছে।”
প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ দেওয়ার আশ্বাস দিলেও তিনি মনে করিয়ে দেন, সে অর্থ ব্যয়ের সক্ষমতাও থাকতে হবে।
“তহবিলটি আপনাদেরই এবং প্রতিশ্রুত অর্থও পাবেন আপনারা। আপনাদের কাজ এই অর্থ ব্যয় করা। আর যে কাজের জন্য অর্থ দেওয়া হয়েছে, তার পেছনেই তা ব্যয় হচ্ছে কি না তা দেখা আমাদের কাজ,” বলেন গোল্ডস্টেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এমআই/২২৩৬ ঘ.
bdnews24