ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কদেশগুলোসহ বেশ কয়েকটি দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা কার্যকরে করার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাবে পর্যটন মন্ত্রণালয়।
বুধবার রাতে ঢাকায় থাই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “পর্যটকরা সাধারণত পোর্ট এন্ট্রি ভিসা পছন্দ করে। ইউরোপীয় কয়েকটি দেশের জন্য আমাদের এই ধরনের ভিসা চালু আছে। কিন্তু সার্কের দেশগুলোসহ আরো কিছু দেশের জন্যে এটি চালূ করার জন্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাচ্ছি। এটি কার্যকর হলে দেশের টুরিস্ট বৃদ্ধি পাবে।”
ফারুক খান সাংবাদিকদের জানান, সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশে একটি পর্যটন বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা করছে, যা হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি)।
সোনারগাঁও হোটেলে থাইল্যান্ডের এই খাদ্য মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এতে দুপুরে বা রাতে জনপ্রতি খাবার খরচ পড়বে ৩ হাজার টাকা।
এর আগে সোনারগাঁও বলরুমে থাইল্যান্ড ট্রেড ফেয়ার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
জি এম কাদের বলেন, “বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক বেড়ে চলেছে। তবে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের এটাই সুযোগ, এই ধরনের মেলার মাধ্যমে ঘাটতি কমিয়ে আনা।”
সোনারগাঁওয়ের বলরুমে এই মেলাটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা শেষ হবে ৩১ মার্চ। এখানে থাইল্যান্ডের ৪৬টি উৎপাদক প্রতিষ্ঠান ১৪ ধরনের পণ্য প্রদর্শন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২২১০ ঘ.
bdnews24