২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বাড়ছে বিদ্যুতের দাম

পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম কতো শতাংশ বাড়ছে তা জানা যাবে বিকালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকারি (বাল্ক) ও খুচরা বিদ্যুতের দাম আরো এক দফা বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার। বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সদস্য সেলিম মাহমুদ। এ নিয়ে চলতি বছরই দ্বিতীয় দফায় পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ছে। সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি (বাল্ক) ও খুচরা বিদ্যুতের দাম বাড়ছে। এ ব্যাপারে সব প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।” গ্রাহক (খুচরা) পর্যায়ে দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো বিতরণকারী সংস্থা দাম বাড়ানোর প্রস্তাব না দিলেও পিডিবির প্রস্তাবে বিতরণকারী সংস্থাগুলোর দাম বাড়ানোর কথা বলেছে। “কমিশন পিডিবির প্রস্তাবকে যুক্তিসঙ্গত মনে করায় পাইকারির পাশাপাশি গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে,” বলেন বিইআরসি সদস্য। দাম কতো শতাংশ বাড়ানো হচ্ছে- তা জানাতে রাজি হননি সেলিম মাহমুদ। গত ১৩ মার্চ বিদ্যুতের পাইকারি দাম গড়ে ১১ শতাংশ হারে বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পরে গত ১৯ মার্চ বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়। গণশুনানিতে বিইআরসির মূল্যায়ন কমিটি গড়ে পাঁচ দশমিক ৭৯ শতাংশ হারে দাম বাড়ানোর পক্ষে মত দেয়। গত বছরের ২৪ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ওই ঘোষণা অনুযায়ী গত বছরেই তৃতীয় দফা এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দফা দাম বাড়ানো হয়। সে অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ টাকা ৭৪ পয়সা। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। আর গত ২২ ডিসেম্বর গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম গড়ে দুই ধাপে ২১ দশমিক ২৮ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ১৬ পয়সা থেকে ৫ টাকা ২ পয়সা নির্ধারণ করা হয়। বর্ধিত ওই দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোকে কারণ দেখিয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি। প্রস্তাবে একইসঙ্গে বলা হয়, পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বিতরণ কোম্পানিগুলোর দাম না বাড়ালে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এতে গ্রাহক সেবার মান ব্যাহত হবে। পিডিবি একক ক্রেতা হিসেবে ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে। এই বিদ্যুৎ পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে খুচরা গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করে পিডিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/১১৪৫ ঘ.