২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রেমিটেন্স ১৩ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর

চলতি অর্থবছর প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছর প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন গভর্নর আতিউর রহমান। বুধবার সোনারগাঁও হোটেলে ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। গভর্নর বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের গতি খুবই ভালো। এখন পর্যন্ত প্রবৃদ্ধির হার ১২ শতাংশের ওপরে। গত অর্থবছরে ১১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল; প্রবৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। এবার রেমিটেন্সের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।” আতিউর জানান, চলতি ২০১১-১২ অর্থবছরের আট মাস ২৩ দিনে (২৩ মার্চ পর্যন্ত) ৯২৬ কোটি ডলার রেমিটেন্স এসেছে। “আশা করছি, আগামী তিন মাসে এ ধারা অব্যাহত থাকবে। আর তাহলেই ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে,” বলেন তিনি। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে গভর্নর বলেন, “শুধু ঢাকার চিত্র বিবেচনায় নিয়ে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ চিন্তা করলে হবে না। সারা দেশের চিত্র বিবেচনায় নিতে হবে। গ্রাম থেকে গ্রামাঞ্চলে ঘুরে দেখুন, আমাদের অর্থনীতির ভিত কতটা মজবুত হয়েছে।” অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) বাড়াতে হলে বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো দূর করার ওপর জোর দেন আতিউর। একইসঙ্গে তরুণ প্রজন্মকে নানা দিক দিয়ে প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কাজে লাগানোর কথাও বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমআই/১৯০৩ ঘ.