২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএমজির ফ্লাইট বন্ধ ঘোষণা

বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, শুক্রবার থেকেই এয়ারলাইন্সটি সব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করছে। বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে জিএমজি এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কাপুরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “নতুন কৌশলে যাবার ফলে, আমাদের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে যা আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে। আমরা নতুন প্রজন্মের বিমান ডেলিভারি, নতুন আকারের কর্মশক্তি এবং ভবিষ্যত চ্যালেঞ্জ গ্রহণে আমাদের নিজেদের তৈরি করছি।” অস্বাভাবিক হারে তেলের দাম বাড়ায় এবং পরিবর্তিত আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের মানিয়ে নিতে জিএমজি এয়ারলাইন্স নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ১৯৯৮ সালের এপ্রিলে কার্যক্রম শুরু করা জিএমজি এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে ২০০৪ সালে। ২০০৯ সালে এয়ারলাইন্সটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কিনে নেয় বেক্সিমকো গ্র“প। গত জানুয়ারি থেকে আন্তর্জাতিক ৬টি রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে জিএমজি। সুপরিসর বোয়িং ৭৬৭ এবং এমডি ৮০ মডেলের উড়োজাহাজ দিয়ে এসব রুটে ফ্লাইট পরিচালনা করা হতো। এছাড়া অভ্যন্তরীণ ৩টি রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল স্বল্পপরিসরের দুটি ড্যাশ ৮ মডেলের উড়োজাহাজ দিয়ে। জিএমজির পরিচালক (মার্কেটিং অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স) আসিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাড়া করে আনা ৩টি ৭৬৭ উড়োজাহাজের মধ্যে ইতোমধ্যে একটি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি দুটিও শিগগিরই ফিরিয়ে দেওয়া হবে। এর পরিবর্তে আনা হবে স্বল্পপরিসরের উড়োজাহাজ।” “এছাড়া জিএমজির বহর থেকে ৩টি এমডি ৮০ মডেলের উড়োজাহাজ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি নিজস্ব এবং দুটি ভাড়া করা। এছাড়া ড্যাশ ৮ মডেলের উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণে যাবে।” আসিফ আহমেদ বলেন, “তাই ৩০ মার্চ থেকে জিএমজির সব রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। স্বল্পপরিসরের উড়োজাহাজ সংগ্রহ করার পর আবার ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।” সঞ্জীব কাপুর বলেন, “জিএমজি দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার রুট এবং মধ্যপ্রাচ্যের কিছু নির্বাচিত রুটে ন্যারো বডির এয়ারক্রাফটের মাধ্যমে ফ্লাইট পরিচালানার পরিকল্পনা করছে।” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাময়িক বন্ধের সময়, বিক্রয় অফিসের মাধ্যমে সব ক্রেতাকে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। এয়ারলাইন্সের কর্মীরাও শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮০৩ ঘ.