২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুগন্ধী চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ধানের ফলন ভালো হওয়ায় সুগন্ধী চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানের ফলন ভালো হওয়ায় সুগন্ধী চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। দেশে খাদ্য শস্যের মজুদ যথেষ্ট বলেও জানান তিনি। সুগন্ধী চালের বিষয়ে মন্ত্রী বলেন, “গত বছর বোরো, আউশ এবং আমন উৎপাদন ভালো হয়েছে। চলতি মৌসুমেও বোরো এবং হাইব্রিড আবাদি এলাকা বেড়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন হবে।” গত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে সুগন্ধী চাল রপ্তানি বন্ধ ছিল বলে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। খাদ্য মূল্যায়ন ও পরিধারণ কমিটির বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমানে সরকারি গুদামে ১১ লাখ টন চাল এবং আড়াই লাখ টন গম মজুদ রয়েছে। চলতি মৌসুমে স্থানীয় বাজার থেকে ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে বলে জানান তিনি। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২৪ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে গম কিনবে সরকার। কৃষকদের উৎসাহ দিতে গম সংগ্রহের লক্ষমাত্রা বাড়ানো হয়েছে বলে রাজ্জাক জানান। আগে ৫০ হাজার টন গম সংগ্রহ করত সরকার। ৪০ লাখ টন চাহিদার বিপরীতে এই বছর প্রায় ১০ লাখ টন গম উৎপাদন হবে বলে মন্ত্রী আশা করছেন। চাহিদার বাকিটা সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা হবে। বাজারে আটা ও ময়দার দাম বাড়ার কারণ হিসেবে বেসরকারি পর্যায়ে আমদানি কমে যাওয়াকে দায়ী করেন খাদ্যমন্ত্রী। দাম নিয়ন্ত্রণে আনতে খোলাবাজারে (ওএমএস) আটা বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে মজুদে প্রায় আড়াই লাখ টনের সঙ্গে আমদানি করা ৩ লাখ টন যোগ হচ্ছে বলে রাজ্জাক জানান। মন্ত্রী দাবি করেছেন, ভোজ্য তেল ছাড়া নিত্যপ্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। ভোজ্য তেলের পুরোটাই আমদানি করতে হয় বলে তার দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭১০ ঘ.