ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ আমদানির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের এনভিভিএন’র মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
নয়া দিল্লিতে গত ২৮ ফেব্রুয়ারি পিডিবি ও এনটিপিসি বিদ্যুৎ নিগম ভায়াপার লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের আওতায় ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে।
রোববার মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনুমোদনের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আলী হোসেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেক্সিমকো পাওয়ার কোম্পানি এবং চট্রগ্রাম পাওয়ার কোম্পানির বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনারও সিদ্ধান্ত হয়।
বেক্সিমকো পাওয়ারের মোট উৎপাদনের (৫৪০ মেগাওয়াট) ৪০ ভাগ এবং চট্রগ্রাম পাওয়ারের উৎপাদনের (১৫০ মেগাওয়াট) ১০ ভাগ কিনবে সরকার।
বেক্সিমকোর বিদ্যুতের প্রতি কিলোওয়াটের দাম পড়বে ৪ টাকা ৯৭ পয়সা। চট্টগ্রাম পাওয়ারের ক্ষেত্রে এ দাম ৪ টাকা ৫১ পয়সা।
বেক্সিমকোর বিদ্যুৎকেন্দ্র দেশের যে কোনো স্থানে এবং চট্রগ্রাম পাওয়ারের কেন্দ্র স্থাপিত হবে মিরসরাইতে।
উপ-সচিব জানান, দুটি বিদ্যুৎকেন্দ্রই হবে কয়লাভিত্তিক। দেশের প্রথমবারের মতো এ ধরনের উদ্যেগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রয়াত্ত্ব বিভিন্ন শিল্প কল-কারখানার অব্যবহৃত জমি কাজে লাগানোর জন্য বিনিয়োগ উন্নয়নকল্পে বেসরকারি কার্যক্রম শক্তিশালী করারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির বৈঠকে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমানকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ কমিটি আগামী তিন মাসের মধ্যে অব্যবহৃত জমির তালিকা তৈরি করবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ তালিকাভুক্তির অনুমোদনও দেওয়া হয়। এগুলো হলো- সিলেট টেক্সটাইল, কুড়িগ্রাম টেক্সটাইল মিল, চট্রগ্রামের ভালিকা উলেন মিল, চট্রগ্রামের ডাইং এন্ড প্রিন্টিং মিল এবং ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস এন্ড ফ্যাসিলিটি সেন্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০২০ ঘ.
bdnews24