২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার লাইসেন্স দেওয়ার প্রস্তাব থ্রিজির খসড়ায়

মোবাইল ফোন সেবায় থ্রিজি লাইসেন্স দেওয়ার খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, যাতে নতুন একটি প্রতিষ্ঠানসহ চারটি অপারেটরকে অনুমোদন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন সেবায় থ্রিজি লাইসেন্স দেওয়ার খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, যাতে নতুন একটি অপারেটরসহ চারটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) এই লাইসেন্স দেওয়ার সময় পরবর্তী চতুর্থ প্রজন্ম (ফোরজি) এবং লং টার্ম ইভাল্যুয়েশন (এলটিই) প্রযুক্তিও এর অন্তর্ভুক্ত করা করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থ্রিজির খসড়া নীতিমালা চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহেই তা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে।” মন্ত্রণালয় এতে সম্মতি দিলে সব আনুষ্ঠানিকতা শেষে আগামী জুন অথবা জুলাইয়ের মধ্যে লাইসেন্স দেওয়ার কাজ শেষ হতে পারে বলে জিয়া আহমেদ জানান। ‘সেলুলার মোবাইল ফোন সার্ভিস (থ্রিজি/ফোরজি/এলটিই) রেগুলেটরি লাইসেন্স গাইড লাইন ২০১২’ নামে এ খসড়া নীতিমালায় চারটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হবে। একটি দেওয়া হবে নতুন এক অপারেটরকে। এছাড়া রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান হিসেবে টেলিটক লাইসেন্স পাবে। খসড়া নীতিমালা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোনো অপারেটর থ্রিজি লাইসেন্স নেওয়ার পর বিটিআরসির অনুমোদন নিয়ে তাদের নেটওয়ার্ক ফোরজি বা এলটিইতে উন্নীত করতে পারবে। এতে অতিরিক্ত কোনো অর্থ না নেওয়ার প্রস্তাব করা হয়েছে। খসড়া নীতিমালায় সব ধরনের তরঙ্গের প্রতি মেগাহার্টজের ফি ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। থ্রিজি লাইসেন্স নিলামে প্রতিটি লাইসেন্সের জন্য ‘ফ্লোর প্রাইস’ থাকবে দেড় হাজার কোটি টাকা। তৃতীয় প্রজন্মের মোবাইল সার্ভিস (থ্রি-জি) লাইসেন্স থেকে আনুমানিক ৮ হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া যাবে বলে আশা করছেন বিটিআরসি চেয়ারম্যান। রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান টেলিটক ও বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল বর্তমানে দ্বিতীয় প্রজন্মের (টুজি) সেবা দিচ্ছে। থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চগতিতে তথ্য পরিবহন সম্ভব হওয়ায় মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব হবে। থ্রিজির পরের ধাপের প্রযুক্তি হচ্ছে ফোরজি। বিশেষজ্ঞরা অবশ্য ফোরজিকেই লং টার্ম ইভল্যুশন (এলটিই) বলছেন। এলটিই প্রযুক্তিতে থ্রিজির চেয়েও বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১২৪৭ ঘ.