বেনাপোল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই শ’ কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন।
সংগঠনের সভাপতি মুজিবর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী মঙ্গলবারের মধ্যে কর্মচারীদের নামে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করা না হলে পরদিন থেকে আমরা ধর্মঘঘট পালন করব।”
ধর্মঘট হলে বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে।
ইউনিয়ন নেতাদের অভিযোগ, গত বুধবার বেনাপোল স্থলবন্দরের ৪ নম্বর গেইটে সোহাগ হোসেন নামে এক সিএন্ডএফ কর্মচারীকে পিটিয়ে জখম করে নিরাপত্তাকর্মীরা। কর্মচারী ইউনিয়নের নেতারা এর প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাদের ওপরও চড়াও হয়।
এর এক পর্যায়ে বন্দরের আনসার সদস্য ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার বেনাপোল বন্দর থানায় একটি মামলা করেন।
বেনাপোল বন্দর থানার পুলিশের পরিদর্শক হাসান হাফিজুর রহমান জানান, সিএন্ডএফ এজেন্ট ইউনিভার্সাল কার্গোর কর্মচারী সোহাগসহ ২০০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে জরুরি সভা করে ধর্মঘটের ঘোষণা দেয় সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী রোববার আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বসে মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১০ ঘ.
bdnews24