২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত ২ মাস মানবেন মালিকরা

মালিকদের সঙ্গে আলোচনা ছাড়াই সিএনজি স্টেশন অতিরিক্ত দুই ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশপাশি প্রতিবাদও জানিয়েছে স্টেশন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকদের সঙ্গে আলোচনা ছাড়াই সিএনজি স্টেশন অতিরিক্ত দুই ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশপাশি প্রতিবাদও জানিয়েছে স্টেশন মালিকরা। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক জরুরি সভায় এ প্রতিবাদ জানায়। অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা দুই মাস স্টেশনগুলো ৬ ঘণ্টা বন্ধ রাখবেন। “তবে দুই মাসের বেশি বন্ধ রাখতে কোনো নির্দেশনা এলে তা মানবে না অ্যাসোসিয়েশন।” বোরো মৌসুমে সেচে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে দুই মাস সারাদেশে সব সিএনজি স্টেশন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এতদিন পর্যন্ত সিএনজি স্টেশন বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছিল। রাজধানীতে আকরাম টাওয়ারে অ্যাসোসিয়েশেনের কার্যনির্বাহী কমিটির এ জরুরি সভায় সিএনজি স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, মালিকদের কমিশন বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধিজনিত জামানত সংক্রান্ত সমস্যা আগামী ২২ মের মধ্যে সমাধানের দাবিও জানানো হয়। বুধবার সরকারের পক্ষ থেকে সেচ মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্প কারখানা বন্ধ রাখারও জানায় মন্ত্রণালয়। নতুন নিয়মের ফলে সারা দেশে বর্তমানে চালু ৫৩৫টি সিএনজি স্টেশন থেকে ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত যোগ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১০৮ ঘ.