ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলার ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
দুই সপ্তাহের মধ্যে পরিকল্পনা সচিব, পরিবেশ ও বন সচিব; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, ভূমি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাগেরহাট জেলা প্রশাসক, চিটাগাং-খুলনা ১৩২০ মেগাওয়াট কোল বেজড থার্মাল পাওয়ার স্টেশন প্রকল্পের পরিচালককে এ জবাব দিতে বলা হয়েছে।
একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই আদেশ দেয়।
রামপালে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে গত ২৯ জানুয়ারি ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ।
সেফ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ সিদ্দিক আহাম্মেদ বৃহস্পতিবার সকালে রিটটি দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. জাকির হোসেন।
রিট আবেদনে বলা হয়, “পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫’র ১২ ধারা অনুসারে পরিবেশ ছাড়পত্র সনদ গ্রহণ বাধ্যতামূলক। এই প্রকল্পে আইনের এই ধারাটি প্রযোজ্য। বিবাদীরা এ ধরণের ছাড়পত্র ছাড়াই প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছে।”
পরিবেশ আইন লংঘন করে উদ্যোগ নেওয়া এই প্রকল্পের মাধ্যমে কেবল পরিবেশ ধ্বংসই হবে না- এ কথা উল্লেখ করে রিটে বলা হয়, “বরং ওই এলাকার মানুষের স্বাভাবিক জীবন যাত্রার প্রতিও একটি হুমকি স্বরূপ।”
এতে বলা হয়, এ প্রকল্পের ফলে লাখ লাখ গাছ ধ্বংসের মাধ্যমে হাজার হাজার প্রাণী ও পাখি ঝুঁকিতে পড়বে যা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারণ হবে।
প্রকল্পের কালো ধোঁয়া বাণিজ্যিক জাহাজগুলোর মংলা বন্দরে আসা যাওয়ায় বিঘœ সৃষ্টি করবে বলেও রিট আবেদনে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৩৬ ঘ.
bdnews24