২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিপি বাধ্যতামূলক হচ্ছে: শিল্পমন্ত্রী

প্রতিটি কারখানায় কেন্দ্র্রীয় বর্জ্য পরিশোধনাগার রাখা বাধ্যতামূলক করে শিল্প আইন হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিটি কারখানায় কেন্দ্র্রীয় বর্জ্য পরিশোধনাগার রাখা বাধ্যতামূলক করে শিল্প আইন হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। চট্টগ্রামে বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী বলেন, “কারখানা স্থাপন করতে হলে সেখানে অবশ্যই বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থাকতে হবে। সেজন্য মন্ত্রণালয় নতুন শিল্প আইন প্রণয়ন করছে, সেখানে ইটিপি বাধ্যতামূলক থাকবে।” প্রতিটি শিল্পাঞ্চলে কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা অথবা কারখানাগুলোর নিজস্ব ইটিপি থাকতে হবে, যত্রতত্র কারখানা স্থাপন করা যাবে না, যোগ করেন তিনি। নগরীর একটি হোটেলে ‘অকুপেশনার হেলথ অ্যান্ড সেইফটি অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট’ শীর্ষক এই বৈঠকে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। ঢাকার হাজারীবাগ থেকে চামড়া শিল্প সরিয়ে নেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, এজন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। ফলে খুব দ্রুতই তা সাভারে সরিয়ে নেওয়া হবে। চামড়া শিল্প স্থানান্তরের কাজটি জটিল হলেও তা করতে বিভিন্নমুখী চাপ রয়েছে বলে জানান তিনি। পরিবেশ দূষণ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন মন্ত্রী। বৈঠকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, বুড়িগঙ্গার মতো চট্টগ্রামের কর্ণফুলী নদীতেও শিল্পবর্জ্য পড়ছে। চট্টগ্রামের ইপিজেডে তাই কেন্দ্রীয় ইটিপি তৈরির পরিকল্পনা চলছে। গোলটেবিল বৈঠকে বক্তারা পোশাক কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের সচেতন করা এবং প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেন। বৈঠকে বিজিএমইএ, বিকেইএমএ, পরিবেশ অধিদপ্তর, ট্রেড ইউনিয়ন, পরিবেশকর্মী, পরিবেশ আইনজীবী, শ্রমিক সংগঠন, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/এমসি/সিএস/১৬৩৫ ঘ.