২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‌‌‘পদ্মা সেতু' মালয়শিয়ার মন্ত্রিসভায় উঠছে

মালয়শিয়া সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য পদ্মা সেতু প্রকল্প শুক্রবার দেশটির মন্ত্রিসভায় উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম): মালয়শিয়া সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য পদ্মা সেতু প্রকল্প শুক্রবার দেশটির মন্ত্রিসভায় উঠছে। ঢাকায় মালয়শিয়ার হাই কমিশনার জামালউদ্দিন বিন সাবেহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ কথা জানান বলে এক তথ্য বিবরণীতে বলা হয়। হাই কমিশনার বলেন, “আশা করি মন্ত্রিসভা প্রকল্পটি অনুমোদন করবে এবং এ ব্যাপারে কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ও মালয়শিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে।” ভবিষ্যতে মালয়শিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী বলেও জানান হাই কমিশনার। রাষ্ট্রপতি দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য মালয়শিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের কয়েক মাস পর এতে মালয়শিয়ার আগ্রহের খবর প্রথম প্রকাশ হয় গত ৪ ফেব্রুয়ারি। সে মাসেই যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মালয়শিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে জানান। তবে পদ্মা সেতু কার অর্থে নির্মিত হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ অবস্থায় গত ১৪ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ সেতু নির্মাণে অক্টোবরের মধ্যে চুক্তি হবে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার কথা। সংস্থাটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেবে সরকার। চুক্তি হলে মালয়শিয়ার শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩৫৮ ঘ.