২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টার্ন মেরিনের আরো দুটি জাহাজ গেল জার্মানি

বাংলাদেশে তৈরি আরো দুটি জাহাজ জার্মান কোম্পানিকে হস্তান্তর করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। নতুন দুটি জাহাজ বরফ কাটতে সক্ষম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে তৈরি আরো দুটি জাহাজ জার্মান কোম্পানিকে হস্তান্তর করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। নতুন দুটি জাহাজ বরফ কাটতে সক্ষম। বুধবার নগরীর বোট ক্লাবে আনুষ্ঠানিকভাবে জাহাজ ক্রেতা প্রতিষ্ঠান গ্রোণা শিপিংকে ‘ইএমএস ওয়াটার’ ও ইএমএস ফ্লো’ নামে ‘আইসক্ল্যাশ’ জাহাজ দুটি হস্তান্তর করা হয়। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরও তখন উপস্থিত ছিলেন। এই দুটি জাহাজ জার্মানিতে রপ্তানি করা জাহাজ বহরের চতুর্থ জোড়া। এর আগে গ্রোনা শিপিংয়ের কাছে আরো ছয়টি জাহাজ হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন। ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তারা জানান, জাহাজ দুটি নির্মাণে দেড় হাজার মেট্রিক টন আইসক্ল্যাশ স্টিল এবং সংযুক্ত করতে ৬০ মেট্রিক টন ওয়েল্ডিং ইলেকট্রোডস, ২৩ কিলোমিটার মেরিন ক্যাবল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনের কাজে ২৪ হাজার লিটার সিগমা পেইন্ট ব্যবহার করা হয়েছে। একশ মিটার দীর্ঘ জাহাজ দুটি প্রতিকূল পরিবেশে স্বচ্ছন্দে চলাচলে সক্ষম বলে কর্মকর্তারা জানান। জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাষীশ বোস, বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত আলফনস হেনিক্যানস, জার্মান ডেপুটি হেড অব মিশন ড. র‌্যাল্ফ রিউস, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহমুদ হোসাইন, ইউরোপীয় কর্মাস ব্যাংকের ওলাফ মালাও প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৫৭ ঘ.