২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা অবৈধ: হাই কোর্ট

যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে লভ্যাংশ ঘোষণা করায় পদ্মা অয়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করাকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে লভ্যাংশ ঘোষণা করায় পদ্মা অয়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করাকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। আদালত একইসঙ্গে ২০০৯-১০ বছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা পরিচালনা পরিষদের সভাকেও অবৈধ ঘোষণা করেছে। আজিজ আহমেদ নামে পদ্মা অয়েলের এক শেয়ার হোল্ডারের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রায় দেয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার মোতাহার হোসেন। এসইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, পদ্মা অয়েল কো. লি. এর পরিচালনা পরিষদ ২০০৯ ও ২০১০ সালের জন্য ১০০ ভাগ শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করে। এরপর আজিজ আহমেদ নামে এক শেয়ার হোল্ডার রিট করেন। আদালত রুল চূড়ান্ত করে রায় দেয়। ব্যারিস্টার মোতাহার হোসেন বলেন, আদালত শর্ট আদেশ দিয়েছে। আদেশে অবৈধভাবে লভ্যাংশ ঘোষণা করায় পদ্মা ওয়েলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে অবৈধ ঘোষণা করেছে। “পাশাপাশি ঘোষিত ওই লভ্যাংশ এবং এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা পরিচালনা পরিষদের সভাকেও অবৈধ ঘোষণা করেছে। বিস্তারিত আদেশে সব পাওয়া যাবে।” প্রবীর নিয়োগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা অয়েল এক সিদ্ধান্তে বোনাস শেয়ার না দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশপাশি ১০০ ভাগ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। “এটা করার আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হলেও তারা তা নেয়নি।” “এরপর আজিজ আহমেদ নামে পদ্মা অয়েলের এক শেয়ার হোল্ডার হাই কোর্টে রিট করেন। রিটে পদ্ম ওয়েল আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে ডিএসই কেন ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে আর্জি জানানো হয়।” আদালত শুনানি শেষে রুল জারি করে এবং পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয় উল্লেখ করে প্রবীর বলেন, এর মধ্যে পদ্মা অয়েল আপিল বিভাগ থেকে হাই কোর্টের স্থগিতাদেশকে স্থগিত করিয়ে নতুন করে ৫০ ভাগ স্টক ডিভিডেন্ড এবং ৫০ ভাগ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। “এটা করতে গিয়ে তারা ২০০৯ সালের এসইসির আরেকটি নোটিফিকেশনকে লঙ্ঘন করে।” “ওই নোটিফিকেশনে বলা হয়, একবার লভ্যাংশ ঘোষণা করলে তা পরিবর্তন করতে হলে এজিএম করে করতে হবে। কিন্তু পদ্মা অয়েল তা মানেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১৭ ঘ.