চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানিতে আরো দুটি ‘আইসক্লাশ’ জাহাজ রপ্তানি করতে যাচ্ছে দেশীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জার্মান কোম্পানি গ্রোনা শিপিংয়ের কাছে ‘এমস ওয়াটার’ ও ‘এমস ফ্লো’ নামের জাহাজ দুটি হস্তান্তর করা হবে বলে মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে ওয়েস্টার্ন মেরিন জার্মানির গ্রোনা শিপিংয়ের কাছে একই ধরনের আরো ছয়টি জাহাজ হস্তান্তর করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বোটক্লাবে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশীষ বোস, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এলফনস হেনিক্যানস, জার্মান ডেপুটি হেড অব মিশন ড. র্যাল্ফ রিউস, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামও উপস্থিত থাকবেন।
জাহাজ দুটি নির্মাণে দেড় হাজার মেট্রিক টন আইসক্লাশ স্টিল এবং সংযুক্ত করতে ৬০ মেট্রিক টন ওয়েল্ডিং ইলেকট্রডস, ২৩ কিলোমিটার মেরিন কেবল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনের কাজে ২৪ হাজার লিটার সিগমা পেইন্ট ব্যবহার করা হয়েছে।
দৈর্ঘ্যে একশ মিটার লম্বা জাহাজ দুটি ৫ হাজার ২০০ ডিডব্লিউটি আইসক্লাশ মাল্টিপারপাস জাহাজ। আইসক্লাশ ভ্যাসেল হিসেবে অনুমোদিত জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে স্বচ্ছন্দে চলাচলে সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/২২০০ ঘ.
bdnews24