আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
দিনাজপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি থেকে দ্বিতীয় স্তরের কয়লা উত্তোলন শুরু হয়েছে। এই পর্যায়ে অন্তত ৫৫ লাখ টন কয়লা তোলা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার খনির নিয়ন্ত্রণ কক্ষের সুইচ চেপে নতুন এই স্তরের উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেন।
গত ১৪ ফেব্রুয়ারি এ খনির প্রথম স্তরের কয়লা উত্তোলন শেষ হয়। এরপর একমাস উত্তোলন বন্ধ রেখে নতুন করে যন্ত্রপাতি স্থাপন ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে গত ১৫ মার্চ দ্বিতীয় স্তর থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) এমডি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম স্তর থেকে প্রায় ৪২ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা বিক্রি করা হয়েছে দুই হাজার ৫০০ কোটি টাকায়। দ্বিতীয় স্তর থেকে ৫৫ লাখ টন কয়লা উত্তোলন করা যাবে বলে আশা করছি আমরা।”
তিনি জানান, ভূ-পৃষ্ঠের ১০০ থেকে ৪৬০ মিটার নিচে এই স্তর থেকে আপাতত আগের মতো লংওয়াল পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলেও আগামী বছরের শুরুতেই লংওয়াল টপ কোল কেভিং (এলটিসিসি) পদ্ধতি ব্যবহার করা হবে।
এলটিসিসি পদ্ধতি প্রয়োগ করলে উৎপাদনের গতি বেড়ে প্রায় দ্বিগুণ হবে বলে উল্লেখ করেন কামরুজ্জামান।
“লং ওয়াল পদ্ধতিতে শুধু স্তরের সামনের অংশ থেকে কয়লা কাটা হতো। এলটিসিসি পদ্ধতিতে সামনে-পিছনে এবং পাশ থেকেও কয়লা কাটা যাবে। এতে অল্প সময়ে বেশি কয়লা উৎপাদন সম্ভব হবে।”
তিনি বলেন, এই খনিতে মোট ছয়টি সিম রয়েছে। এর মধ্যে ৬ষ্ঠ সিমের পুরুত্ব ৩৬ মিটার, এ জন্য এই সিম থেকে প্রথমে কয়লা উত্তোলন শুরু হয়েছিলো। বাকি সিমগুলো গড়ে ১১ মিটার পুরুত্বের হওয়ায় সেগুলো থেকে পরে উত্তোলন করা হবে।
এ খনির মূল অংশ (দ্বিতীয় স্তর) থেকে কয়লা উত্তোলনের জন্য বিসিএমসিএল এবং চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের (এক্সএমসির নেতৃত্বে) সঙ্গে ৭২ মাস মেয়াদী একটি উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি হয় গত বছর অগাস্টে।
এ চুক্তিতে দ্বিতীয় স্তর থেকে প্রায় ৫৫ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার জন্য এক্সএমসি-সিএমসিকে ২০০ দশমিক ৯৭ মিলিয়ন ডলার দিতে হবে। কয়লা উত্তোলনের পর বিক্রি শেষে কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে বড়পুকুরিয়া কোল মাইনিং কর্তৃপক্ষ।
দ্বিতীয় স্তর থেকে প্রতি টন কয়লা উৎপাদনের ব্যয় ধরা হয়েছে ৫৬ ডলার, গত অর্থবছরে যা ছিলো ৬৪ দশমিক ৫৮ ডলার।
২০০৫ সালে এ খনি থেকে কয়লা উত্তোলনের শুরুতে প্রতি টনে ব্যয় ছিলো ৯১ দশমিক ০৮ ডলার। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও ধীরে ধীরে কমে আসছে।
বড়পুকরিয়া কয়লা খনির প্রথম স্তর থেকে উত্তোলনের জন্য ২০০৫ সালের জুনে সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের (সিএমসির নেতৃত্বে) সঙ্গে বিসিএমসিএলের করা ৭১ মাস মেয়াদী চুক্তির মেয়াদ শেষ হয় গত বছরের ১০ অগাস্ট।
কামরুজ্জামান জানান, ১৯৯৪ সালে বড়পুকুরিয়া খনি উন্নয়নের শুরুতে চীনা ঠিকাদার সিএমসি ১০৯ দশমিক ২৩৫ মিলিয়ন ডলার ঋণ দেয়, যা ছয় বছর রেয়াতি মেয়াদের পর থেকে পাঁচ শতাংশ সুদসহ আট বছরে ১৭টি কিস্তিতে পরিশোধ করার কথা।
সে অনুযায়ী সিএমসিকে এ পর্যন্ত ১৫টি কিস্তিতে ১১৮ দশমিক ৩৪১ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। বাকি ১৩ দশমিক ৬৩৮ মিলিয়ন ডলার চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানান তিনি।
কামরুজ্জামান বলেন, এ খনির ৮০ শতাংশ কয়লা ব্যবহার হয় খনির পাশে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২৫০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রে। বাকি ২০ শতাংশ কয়লা কেনে অন্য ক্রেতারা।
পিডিবি আগে ৮৪ ডলারে প্রতি টন কয়লা কিনলেও এখন প্রতি টন ১১০ ডলার করে দিতে বলা হয়েছে জানিয়ে কামরুজ্জামান বলেন, “তারা এর কমে কিনতে চাইলে খনির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।”
পিডিবির ছাড়া অন্য ক্রেতাদের কাছে এতোদিন ১৪১ ডলার দরে প্রতি টন কয়লা বিক্রি করে আসছিল বড়পুকুরিয়া কর্তৃপক্ষ।
১৯৮৫ সালে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের (জিএসবি) জরিপে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয়। প্রায় ৬ দশমিক ৬৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এ খনিতে আনুমানিক ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে।
অন্যদের মধ্যে বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও পার্সোনাল) এ কে এম সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুল মান্নান পাটোয়ারী, মহাব্যবস্থাপক (মাইনিং) প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম প্রধানিয়া দ্বিতীয় স্তরের কয়লা উত্তোলন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯০০ ঘ.
bdnews24