ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থাভাবের পাশাপাশি শিক্ষা, কাজ, সুযোগ ও অধিকারের অভাব বাংলাদেশের দরিদ্রতার কারণ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে গর্ভনর বলেন “বাংলাদেশের দারিদ্র শুধু অর্থের অভাব নয়, এটা আসলে অনেকগুলো বিষয়ের সমষ্টি। এখানে শিক্ষার অভাব রয়েছে, কাজের অভাব, সুযোগের অভাব ও অধিকারের অভাব রয়েছে। সুতরাং শুধু অর্থপ্রাপ্তি নয়, দারিদ্র দূর করতে হলে এসব ক্ষেত্রে অগ্রগতি আনতে হবে।”
ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইসলামিক ক্ষুদ্র ঋণ: দারিদ্র্য দুরীকরণের হাতিয়ার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান। প্রবন্ধে বাংলাদেশের ইসলামি ব্যাংকিং ব্যবস্থা ও ক্ষুদ্র ঋণ পরিস্থিতি তুলে ধরা হয়।
এর ওপর আলোচনা করতে গিয়ে ড. আতিউর রহমান বলেন, “পৃথিবীর উন্নত দেশগুলোতেও দারিদ্র্য রয়েছে। সেখানেও গরীব রয়েছেন। তাদের কিন্তু গরীব বলা হয় না। আমাদের এখানে বলা হচ্ছে কারণ আমাদের এখানে দারিদ্র্য এতটাই প্রকট যে, একজন গরীব লোক কখনও ধনী হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এটা শুধু অর্থের সমস্যা, তা নয়। আসলে তাদের সেই পরিবেশ দেওয়া হয় না। এই ক্ষেত্রেই আমাদের পরিবর্তন আনতে হবে।”
আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) প্রতি গুরুত্ব আরোপ করে গর্ভনর বলেন, “দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করাটা একটা বড় যুদ্ধ। এই যুদ্ধে সরকার তো থাকবেই, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কাজ করতে হবে। সিএসআর, মাইক্রো ফিনান্স এক্ষেত্রে কার্যকর ভুমিকা রাখতে পারে।”
গর্ভনর জানান, ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ইসলামি ক্ষুদ্র ঋণ পদ্ধতির উন্নয়নে বাংলাদেশে স্থানীয় ও আন্তজার্তিক সহায়তায় একটি ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশে ব্যাংক এ ব্যাপারে অনাপত্তি জানিয়েছে। এটি স্থাপিত হলে তা এই খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার উদাহরণ তুলে ধরেন মালয়েশিয়ার আমানাহ ইকতিয়ারের ব্যবস্থাপনা পরিচালক দাতুক হাজাহ জাবিদাহ ইসমাইলি।
ইসলামি ক্ষুদ্র ঋণ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ইসলামিক উন্নয়ন ব্যাংকের গবেষক দাদাঙ মুলজাওয়ান। সেমিনারের সঞ্চালক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির উপাধ্যক্ষ আবুল হাসান এম সাদেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৬১৩ ঘ.
bdnews24