ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসওয়ারি হিসাবে গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। জানুয়ারির ১১ দশমিক ৫৯ শতাংশ থেকে কমে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছর ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক শাহজাহান মোল্লা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, “আমাদের জন্য সুখবর হচ্ছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেশ খানিকাটা কমেছে। প্রধাণত চাল, ডাল, শাকসবজি, ফল ও ভোজ্যতলসহ খাদ্যপণ্যের মূল্যহ্রাসের কারণেই এটা হয়েছে।”
মহাপরিচালক জানান, জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৯০ শতাংশে থাকলেও ফেব্র“য়ারিতে তা ৮ দশমিক ৯২ শতাংশে নেমে এসেছে।
তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি জানুয়ারির ১৩ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ১৩ দশমিক ৫৭ শতাংশ হয়েছে।
খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি প্রসঙ্গে শাহজাহান মোল্লা বলেন, “পরিধেয়, বস্ত্র, বিদ্যুৎ, চিকিৎসা, পরিবহন ব্যয়, আসববাপত্র, গৃহস্থালির ব্যয় বৃদ্ধির কারণেই এটা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালের মার্চ থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে গড় মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৬ শতাংশ। গত বছর ফেব্রুয়ারিতে বার্ষিক গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২১ শতাংশ।
চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে ধরা হয়েছে।
এই লক্ষ্য পূর্ণ না হলেও অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি এক অংকের ঘরে (১০ শতাংশের নিচে) নেমে আসবে- এমন আশা প্রকাশ করে বিবিএস মহাপরিচালক বলেন, “অর্থবছরের আরও চার মাসের হিসাব বাকি আছে। ট্রেন্ড ভালো। মূল্যস্ফীতি কমতির দিকে। বাম্পার ফলনের কারণে চালসহ অন্যান্য খাদ্য পণ্যের দাম কমছে। অন্যদিকে ডলারের দাম কমায় খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমবে।”
গত কয়েক মাসে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে বলে দাবি করেন শাহজাহান মোল্লা।
তিনি বলেন, “গত কয়েক মাস হট ইস্যু ছিল মূল্যস্ফীতি। এখন সেটা কমতির দিকে। অন্যদিকে মানুষের আয় বেড়েছে। গ্রামের মানুষ ভালো আছে। আগে উত্তরাঞ্চলে মঙ্গার খবর ফলাও করে পত্র-পত্রিকায় ছাপা হতো। এখন সেটা দেখা যায় না; শোনাও যায় না।”
এবার মূল্যস্ফীতি কম দেখানোর জন্য সরকারি হস্তক্ষেপের গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করলে শাহজাহান মোল্লা বলেন, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। মূল্যস্ফীতির হার কম দেখানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। কোনো মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কোনো বৈঠকও হয়নি।”
“একটা সংখ্যাও পরিবর্তন করা হয়নি। যে তথ্য পাওয়া গেছে সেটাই প্রকাশ করা হয়েছে”, দাবি করেন তিনি।
অন্য মাসের তুলনায় এবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কিছুটা দেরি হওয়ায় শোনা যায়, মূল্যস্ফীতি কমিয়ে দেখানোর জন্য পরিকল্পনামন্ত্রী বিবিএস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।
এ বিষয়ে দৃষ্টি কারর্ষণ করলে মহাপরিচালক বলেন, “মূল্যস্ফীতির ভিত্তি বছর পরিবর্তনের বিষয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। অন্য কোনো বিষয়ে নয়।”
শাহজাহান জানান, ২০০৫-০৬ বছরকে ভিত্তি বছর ধরে শিগগিরই মূলস্ফীতির নতুন তথ্য প্রকাশ করা হবে।
বর্তমানে ৬৪ জেলার একটি করে শহর এবং একটি হাট/বাজার থেকে এবং ঢাকা শহরের ১২টি (মোট ১৪০টি) বাজার থেকে তথ্য নিয়ে মূল্যস্ফীতি হিসাব করা হয়। এতোদিন ১৯৯৫-৯৬ সময়কে ভিত্তি বছর ধরে এই হার প্রকাশ করে আসছে বিবিএস।
নতুন ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতি হিসাব করার সময় আরো বেশি সংখ্যক বাজারের তথ্য সংগ্রহ করা হবে বলেও বিবিএস মহাপরিচালক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24