আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২২ নম্বর ব্লকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে চীনা প্রতিষ্ঠান সিনোপ্যাক করপোরেশনের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির (জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট) জন্য একটি খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
এতে বলা হয়েছে, অনুসন্ধানে গ্যাস মিললে তার ৩০ শতাংশ বাপেক্স পাবে। আর দুর্ঘটনা ঘটলে সিনোপ্যাকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
বাপেক্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের অঞ্চলের পটিয়া, জলদি, সীতাপাহাড় এবং কাসালং এলাকায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য চুক্তির এই খসড়া চূড়ান্ত করা হয়েছে।
“কোম্পানির বোর্ড সভায় এটি অনুমোদন পেলে মতামতের জন্য পেট্রোবাংলার রিভিউ কমিটিতে পাঠানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চুক্তি স্বাক্ষর হবে”, বলেন তিনি।
২২ নম্বর ব্লকের আওতাভুক্ত ওই চারটি এলাকায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ২০১০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) চায় সরকার।
সে অনুযায়ী কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহপত্র দিলে ২০১১ সালের জানুয়ারি মাসে চীনা কোম্পানি সিনোপ্যাক করপোরেশনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এরপর সিনোপ্যাকের সঙ্গে যৌথ অংশীদারিত্ব চুক্তির করার জন্য গত বছরের অক্টোবরে পেট্রোবাংলাকে নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়। নভেম্বরে বাপেক্সকে বিষয়টি চূড়ান্ত করতে বলে পেট্রোবাংলা।
বাপেক্সের পরিচালক (অনুসন্ধান) এম এ বাকীর নেতৃত্বে গঠিত সাত সদস্যের খসড়া চূড়ান্তকরণ কমিটি কয়েকটি সভার মাধ্যমে চুক্তির খসড়া তৈরি করে চলতি বছরের ফেব্র“য়ারি মাসে তা সিনোপ্যাকের কাছে পাঠায়। সিনোপ্যাক কর্তৃপক্ষের বক্তব্যসহ ফেরত আসার পর কমিটি সেটি চূড়ান্ত করে।
বাপেক্স বর্তমানে পটিয়াতে দ্বিমাত্রিক ভূ-কম্পন জরিপ চালাচ্ছে।
ছাতক ও ফেনী গ্যাসক্ষেত্র উন্নয়ন এবং গ্যাস উত্তোলনের লক্ষ্যে এর আগে ২০০৩ সালের ১৬ অক্টোবর বাপেক্স কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করে।
খসড়ায় যা আছে
চুক্তির জন্য যে খসড়াটি বাপেক্স তৈরি করেছে তাতে বলা হয়েছে, অনুসন্ধানের পর কোথাও গ্যাস পাওয়া গেলে উত্তোলিত গ্যাসের ৩০ শতাংশ বাপেক্স এবং ৭০ শতাংশ সিনোপ্যাক পাবে।
এর আগে নাইকোর সঙ্গে যে চুক্তি হয়েছিল, তাতে উত্তোলিত গ্যাসের ২০ শতাংশ বাপেক্সের পাওয়ার কথা বলা ছিল।
চুক্তি হলে সিনোপ্যাক উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করবে। পেট্রোবাংলা কোনো কারণে কিনতে অপারগ হলে তৃতীয় পক্ষের কাছে (বাংলাদেশের মধ্যে) তা বিক্রি করতে পারবে সিনোপ্যাক।
অন্য আন্তর্জাতিক তেল-কোম্পানিগুলো পেট্রোবাংলাকে যে দামে গ্যাস বিক্রি করে সে অনুসারে পেট্রোবাংলা দাম নির্ধারণ করবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। তবে অনুসন্ধান কার্যক্রমের সময় কোনো ধরনের দুর্ঘটনা (ব্লো-আউট, বন নষ্ট, পরিবেশ বিপর্যয় ইত্যাদি) হলে বিদেশি কোম্পানি ক্ষতিপূরণ দেবে।
নাইকোর সঙ্গে করা চুক্তিতে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেওয়ারও কোনো শর্ত ছিল না। ওই চুক্তি অনুয়ায়ী নাইকো ফেনী গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে সক্ষম হলেও ছাতক গ্যাসক্ষেত্রে ২ নম্বর কূপ খননকালে পরপর দুটি ব্লো-আউট হয়।
ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পেট্রোবাংলা নাইকোর কাছে ৭৪৬ দশমিক ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। তবে নাইকো তা দিতে অসম্মতি জানালে ২০০৮ সালের ১৫ জুন এ কোম্পানির বিরুদ্ধে স্থানীয় আদালতে একটি মামলা করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/জেকে/১০৫০ ঘ.
bdnews24