২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদামতো বিদ্যুৎ দিতে পারছে না নতুন কেন্দ্রগুলো

জাতীয় গ্রিডে তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ হওয়ার কথা থাকলেও নয়শ মেগাওয়াট কম উৎপাদন হওয়ায় লোডশেডিং কমছে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় গ্রিডে তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ হওয়ার কথা থাকলেও নয়শ মেগাওয়াট কম উৎপাদন হওয়ায় লোডশেডিং কমছে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা জানান, প্রতিদিন সারাদেশে গড়ে তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন চালু হওয়া কিছু কেন্দ্রের মেশিনের দক্ষতা কম রয়েছে এ কারণে উৎপাদনে একটু ঘাটতি থাকছে।” পিডিবির একাধিক কর্মকর্তা জানান, নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন কম হওয়ার কারণ পুরাতন মেশিন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে অভিযোগ আছে। তারা মনে করছেন, সেজন্য ঠিকমতো উৎপাদনে ঘাটতি থেকেই যাচ্ছে। এইসব কেন্দ্র থেকে যতটা বিদ্যুৎ পাওয়ার কথা ছিলো তা উৎপাদন হচ্ছে না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চালু হওয়া নতুন ৪৪টি বিদ্যুৎকেন্দ্র থেকে ২ হাজার ৯৪৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা। পিডিবি জানিয়েছে, এই কেন্দ্রগুলোর মধ্যে ২৩টি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কম হচ্ছে প্রায় ৯শ’ মেগাওয়াট। পাশাপাশি গ্যাস সংকটের কারণে পুরোনো ৮টি বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট এবং ২৯টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় ১২শ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। এছাড়া আরো কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের বয়স বেশি হওয়ায় ওই সব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় ২শ থেকে ৩শ মেগাওয়াট কম উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৩৫শ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। গত তিন বছরে সাড়ে ২১ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ১৩৪৫ মেগাওয়াট চাহিদা বেড়েছে। চলতি সেচ মৌসুমে বর্তমানে গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রায় ১শ বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৮০৮৪ মেগাওয়াট। এর মধ্য থেকে ৩৫শ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হওয়ায় ফলে লোডশেডিং থেকে মুক্তি মিলছে না দেশবাসীর। রোববার বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ৫ হাজার ৩৭২ মেগাওয়াট। ভেড়ামারা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালের ৩১ ডিসেম্বরে কেন্দ্রটি চালু হয়। কেন্দ্রের মোট ১৪টি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে, এ কারণে প্রায় ২৫ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে।” তবে লোডশেডিংয়ের কারণ হিসেবে পিডিবির চেয়ারম্যান বলেন, “নতুন সংযোগ দেওয়ার জন্য এক হাজার ৩৪৫ মেগাওয়াট এবং সেচের জন্য আরো এক হাজার ও গরমের কারণে গ্রাহকরা অধিক মাত্রায় শীতাতপ যন্ত্র ব্যবহার করায় লোডশেডিং হচ্ছে।” বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বছরের শেষের দিকে এগুলোর কয়েকটি পুরোদমে চালু হবে বলে জানান তিনি। দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। ফলে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট ঘাটতি থেকে যাচ্ছে সব সময়। কর্মকর্তারা বলছেন, উৎপাদন বাড়লেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ দিতে পারছে না পিডিবি। ফলে লোডশেডিংও আশানুরূপ হারে কমছে না। গত ০৮ মার্চ বিদ্যুতের লোডশেডিং নিয়ে সরকারদলীয় সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী উপদেষ্টাকে ঘিরে। তারা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন। এর আগে গত অগাস্টেও নিজ এলাকায় বিদ্যুৎ সঙ্কটের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আক্রমণ করে সংসদে তীব্র ভাষায় বক্তব্য দেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তোফায়েল আহমদ। ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গত বছর দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সরকার ২০১৬ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়। এ পরিকল্পনা অনুযায়ী গত তিন বছরে মোট পাঁচ হাজার ৫৩৩ মেগাওয়াট ক্ষমতার ৫২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এর মধ্যে ২৫টি বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার ৯৯৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বাকি ৩৫৩৯ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে চুক্তিকৃত ১৯টি বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমান সরকারের সময়ে ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যোগ হয়েছে। কিন্তু নতুন এসব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ২৩টি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কম হচ্ছে প্রায় ৯শ’ মেগাওয়াটের মতো। পিডিবির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৩ মেগাওয়াট ফেনী (এসআইপিপি) কেন্দ্র, ৫ মেগাওয়াট কুমারগাঁও রেন্টাল (১৫ বছর মেয়াদী), ৩ মেগাওয়াট মহিপাল ফেনী (এসআইপিপি), ৩৩ মেগাওয়াট ভোলা রেন্টাল (৩ বছর মেয়াদী), ৩ মেগাওয়াট ফেঞ্চুগঞ্জ রেন্টাল (১৫ বছর মেয়াদী), ৪৩ মেগাওয়াট শিকলবাহা রেন্টাল (৩ বছর মেয়াদী), ৩ মেগাওয়াট ঠাকুরগাঁও রেন্টাল (৩ বছর মেয়াদী), ১৫০ মেগাওয়াট শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, ১৬৭ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ (১ম ও ২য় ইউনিট), ৩৫ মেগাওয়াট ভেড়ামারা রেন্টাল (৫ বছর মেয়াদী), ২১ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ (৩ বছর মেয়াদী কুইক রেন্টাল), ৩৬ মেগাওয়াট মদনগঞ্জ, ৭৮ মেগাওয়াট ঘোড়াশাল, ২১ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ কুইক রেন্টাল, ৭৫ মেগাওয়াট নোয়াপাড়া (কোয়ান্টাম), ৮ মেগাওয়াট বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, ২৭ মেগাওয়াট বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, ১৯ মেগাওয়াট ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট (সিসিপিপি), ৬ মেগাওয়াট ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, ৮৩ মেগাওয়াট গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, ১১ মেগাওয়াট বগুড়া রেন্টাল (৩ বছর মেয়াদী), ১১ মেগাওয়াট হাটহাজারী পিকিং বিদ্যুৎ কেন্দ্র্র এবং ৩২ মেগাওয়াট আমনুরা (সিনহা পাওয়ার) কেন্দ্র থেকে কম উৎপাদন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২৩১৮ ঘ.