ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
মঙ্গলবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পর জাপানি রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “ওয়ালটন পন্যের মান অত্যন্ত উন্নত, ওয়ালটন পণ্য অবশ্যই জাপানের বাজারে ঢুকতে পারে।”
জাপানের কোম্পানিগুলো ওয়ালটনের সাথে কাজ করতেও আগ্রহী বলে জানান তিনি।
কারাখানা পরিদর্শনের সময় জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জাপান দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মিকি ইয়ামামোতো। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক লে. কর্নেল (অব.) এম এ কাদের, ব্যবস্থাপনা উপদেষ্টা এস এম জাহিদ হাসান, জ্যেষ্ঠ উপপরিচালক মাহমুদুল হক প্রমুখ।
ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রধান লোকমান হোসেন বলেন, “ইতিমধ্যেই জাপানের কিছু কোম্পানি ওয়ালটন পণ্য সে দেশে বাজারজাত করার আগ্রহ প্রকাশ করেছে।”
এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূত বলেন, “মানসম্পন্ন ওয়ালটন পন্য জাপানের বাজারে প্রবেশে কোনো বাধা নেই। আর্ন্তজাতিক বাজারে প্রতিযোগিতার জন্য প্রয়োজন গুনগত উচ্চমান। বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে, ওয়ালটন উচ্চমানের পণ্যই তৈরি করছে।”
ওয়ালটনের জ্যেষ্ঠ উপপরিচালক উদয় হাকিম বলেন, “ এর আগে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন- জেট্রোর প্রায় ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়ালটন কারখানায় উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে গেছেন। আশা করি জাপানি রাষ্ট্রদূতের এই পরিদর্শনের মাধ্যমে খুব শিগগিরই জাপানের বাজারে ওয়ালটন প্রবেশ করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৬৫৭ ঘ.
bdnews24