২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজীর একটি ইউনিট চালুর সম্ভাব্যতা যাচাই

বন্ধ হওয়া আদমজী জুটমিলের একটি ইউনিট চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

নারায়ণগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হওয়া আদমজী জুটমিলের একটি ইউনিট চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। সম্ভাব্যতা যাচাই শেষে মিলের ২ নম্বর ইউনিটটি দ্রুততম সময়ে চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে শনিবার তিনি সাংবাদিকদের একথা বলেন। স্থানীয় একটি মার্কেটে জর্জেট জামদানী শাড়ি পল্লী মেলার উদ্বোধন এবং ঈশা খাঁ কৃষি শিল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আদমজী জুটমিল বন্ধ করে অনেক শ্রমিককে বেকার করে দিয়েছিল। শ্রমিক বান্ধব মহাজোট সরকার দেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকার জামদানী শিল্পের প্রসার ও উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করবে বলেও তিনি জানান। বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নুরজাহান সরকার, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব তপন কুমার নাথ, অনন্ত গ্র“পের পরিচালক লায়ন কিশোয়ার খান প্রমুখ। গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তারা সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় আদমজী ইপিজেডের জর্জেট জামদানী পল্লীর শাখা স্থাপন, তাঁতীদের সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দ, ভারতের মতো জামদানী শিল্পের তাঁতীদের সন্তান এবং আদমজী ইপিজেড জর্জেট ডিজাইনকারীদের সন্তানদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা প্রদান, এই শিল্পকে বিশ্বব্যাপী সম্প্রসারণ ও রপ্তানির উদ্যোগসহ আটদফা দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.