২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারী কর্মচারীদের ৬০% মহার্ঘ ভাতা দাবি

সরকারি কর্মচারীদের জন্য ৬০ শতাংশ মহার্ঘ ভাতাসহ স্থায়ী পে ও সার্ভিস কমিশন গঠনসহ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মচারীদের জন্য ৬০ শতাংশ মহার্ঘ ভাতাসহ স্থায়ী পে ও সার্ভিস কমিশন গঠনসহ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। তাদের দাবির মধ্যে কর্মচারীদের জন্য রেশন প্রদান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করার কথাও রয়েছে। প্রেসক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি সালে উদ্দিন সেলিম এসব দাবি উপস্থাপন করে আগামী দুই মাসের মধ্যে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ঢাকায় সমাবেশ করে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ, জেলা ও উপজেলায় কর্মচারী সমাবেশ এবং পরবর্তীতে ঢাকায় কর্মচারী মহাসমাবেশ করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। পরিষদের অন্য দাবির মধ্যে রয়েছে- চাকরিক্ষেত্রে ৫০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ, বাড়ি ভাড়া শতভাগ দেওয়া, চিকিৎসা ভাতা দুই হাজার টাকা করা, নিম্নপদস্থ সরকারি কর্মচারীদের পদবি পরিবর্তন, সরকারি অফিসে আউটসোর্সিং প্রথা বাতিল, বিভিন্ন দপ্তরের চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল, হয়রানিমূলক বদলি বন্ধ, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের জন্য স্বল্পমূল্যে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়া। এছাড়া শিক্ষা ভবনে সমন্বয় পরিষদের এবং মগবাজারে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যালয় থেকে দখলদারদের উচ্ছেদ করে এ দুটি কার্যালয় তাদের হাতে বুঝিয়ে দিতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এবং তিন কার্যকরী সভাপতি মোয়াজ্জেম হোসেন, হুমায়ুন কবির টুটুল ও আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/পিডি/১৯৩৯ ঘ.