২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দোয়েল’ বিক্রি হচ্ছে ঢাকায়, জানালেন মন্ত্রী

টেশিসের টঙ্গী কেন্দ্র এবং বিটিসিএলের ঢাকার ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার থেকে দোয়েল ল্যাপটপ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেশিসের টঙ্গী কেন্দ্র এবং বিটিসিএলের ঢাকার ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার থেকে দোয়েল ল্যাপটপ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী। ভবিষ্যতে জেলা শহরে এ ল্যাপটপ বিক্রয় কেন্দ্র চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বৃহস্পতিবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে মন্ত্রী ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী জানান, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) টঙ্গীর নিজস্ব কেন্দ্র ও ঢাকার রমনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের (বিটিসিএল) ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার (দ্বিতীয় তলা) থেকে দোয়েল ল্যাপটপ সরাসরি বিক্রি হচ্ছে। তিনি জানান, টেশিস বর্তমানে তিনটি মডেলের দোয়েল ল্যাপটপ প্রস্তুত করে সাধারণের জন্য বাজারজাত করছে। এর মধ্যে ১০ ইঞ্চি বেসিক ০৭০৩ মডেলের দাম কালো ১৩ হাজার ৮শ টাকা, মেরুন ১৪ হাজার একশ’ টাকা; ১২ দশমিক ১ ইঞ্চি স্টান্ডার্ড ২৬০৩ মডেলের দাম কালো ২০ হাজার ৮ শ’ টাকা ও মেরুন ২১ হাজার ১শ’ টাকা এবং ১৪ ইঞ্চির অ্যাডভান্স ১৬১২ মডেলের দাম কালো ২৬ হাজার ৮শ’ টাকা ও মেরুন ২৭ হাজার ১শ’ টাকা। মন্ত্রী জানান, প্রতিটি মডেলের মূল্য একই কনফিগারেশনের অন্যান্য ব্রান্ডের ল্যাপটপের তুলনায় কমপক্ষে ২৫ শতাংশ কম। অদূর ভবিষ্যতে টেশিসের দোয়েল প্লান্টে আরো কম খরচে ট্যাবলেট পিসি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে ১০ হাজার টাকা দামের মডেলটি সংযোজন ও বাজারজাতকরণ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে গত ৩১ জানুয়ারি সংসদে জানিয়েছিলেন মন্ত্রী। টেশিসের গাজীপুর কারখানায় গত ১০ জুলাই দোয়েলের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। এই ল্যাপটপ তৈরির জন্য প্রাথমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। রবির স্পেক্ট্রাম এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মোবাইল ফোন কোম্পানি রবির স্পেক্ট্রাম দুর্নীতিতে তরঙ্গ খরচ বাবদ ১ হাজার ২৪ কোটি টাকা সরকার পেয়েছে- এ ধরনের কোনো তথ্য বিটিআরসি’র জানা নেই। তিনি জানান, তবে টুজি লাইসেন্স নবায়নের জন্য তরঙ্গ বরাদ্দ হিসেবে ১৩৯ কোটি টাকা পাওনা পরিশোধের জন্য রবিকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/পিডি/২২৪৮ ঘ.