ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের কারেন্সী মিউজিয়ামকে ‘টাকা জাদুঘর’ এ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি ভবনে বড় পরিসরে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
কারেন্সী মিউজিয়ামটি বর্তমানে বাংলাদেশ ব্যাংক ভবনে রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে অর্থবিষয়ক জ্ঞান বিস্তার তথা ‘ফিনানসিয়াল লিটারেসি’র অংশ হিসেবে শিশুকিশোরসহ সর্বস্তরের জনসাধারণের মুদ্রা এবং মুদ্রার ইতিহাস বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ প্রসারিত করতে কারেন্সী মিউজিয়ামকে সম্প্রসারিতভাবে ‘টাকা জাদুঘর’ এ রূপান্তরের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসীর মামুন, স্থপতি রবিউল হুসাইন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমারের সমন্বয়ে বিশেষজ্ঞ দলটি গঠিত হয়েছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উয়ারী বটেশ্বরে প্রাপ্ত আড়াই হাজার বছরের প্রাচীন মুদ্রা থেকে শুরু করে সর্বশেষ মুদ্রিত দেশি-বিদেশী মুদ্রা ও নোটের সংগ্রহ জাদুঘরে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২০৪ ঘ.
bdnews24