২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু

সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) নীতিমালা চূড়ান্ত করতে পর্যালোচনা শুরু করেছে ২১টি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) নীতিমালা চূড়ান্ত করতে পর্যালোচনা শুরু করেছে ২১টি মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে পর্যালোচনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে পিপিপি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন জানান, আগামী ছয় সপ্তাহ ধরে পর্যালোচনা চলবে। তিনি বলেন, “আমরা মন্ত্রণালয়গুলোকে পর্যালোচনার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত দিয়েছি। তাদের মূল্যায়ন ও মন্তব্য পাওয়ার পর আমরা খুটিনাটি যাচাই করে নীতিমালা চূড়ান্ত করব।” সৈয়দ আফসর বলেন, প্রাথমিকভাবে সরকারি পক্ষগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। পরে বেসরকারি পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে পিপিপি অফিস। ইতিমধ্যেই পিপিপি অফিস বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আটটি পাইলট প্রকল্প চিহ্নিত করেছে। এগুলো হলো একটি হোমোডায়ালাইসিস সেন্টার নির্মাণ, আন্তর্জাতিক মানের পর্যটন কমপ্লেক্স নির্মাণ, কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রকল্প, মিরপুর স্বল্পমূল্যে আবাসন প্রকল্প, হেমায়েতপুর-সিঙ্গাইর-আরিচা মহাসড়ক প্রকল্প, যাত্রাবাড়ী-সুলতানা কামাল সেতু প্রকল্প এবং মিরপুর সড়কে গ্রেড বিভাজক নির্মাণ। অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের বিশেষজ্ঞ জে গ্র্যান্ট হাওবার বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব সম্পর্কিত সব নথি আগামী মে মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। আগামী অর্থবছরের মধ্যেই সংসদে পিপিপি আইন পাস করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদুজ্জামান বলেন, দেশে বিনিয়োগের অভাব রয়েছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য একটি ভালো হাতিয়ার হয়ে উঠতে পারে পিপিপি। তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ ও জিডিপির অনুপাত ২৪ শতাংশ। তবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাইলে বিনিয়োগ ৩৪ থেকে ৩৫ শতাংশ হতে হবে। এক্ষেত্রে পিপিপি একটি কার্যকরী কৌশল হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসইউ/১৪২৪ ঘ.