২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দিরা গান্ধী স্মারক সম্মাননা পাচ্ছেন আতিউর রহমান

ভারতের সম্মানজনক ‘ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক’ এবার পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 04:05 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সম্মানজনক ‘ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক’ এবার পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ‘মানবিক উন্নয়নে আন্তুর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদানের’ স্বীকৃতিস্বরূপ কলকাতার এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সোসাইটির মহাসচিব অধ্যাপক মিহির কুমার চক্রবর্তী। আতিউরকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, আগামী ৭ মে কলকাতায় এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের খ্যাতিমান অনেকেই এই পুরস্কার পেয়েছেন। শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে অবদান রাখার জন্য প্রতি বছর একজনকে এই সম্মাননা দেয় এশিয়াটিক সোসাইটি ইন্ডিয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, “আমার খুবই ভালো লাগছে।” ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের বছর, ১৯৮৫ সাল থেকে সোসাইটি এ সম্মাননা দিয়ে আসছে। এই স্বর্ণ স্মারক পুরস্কার এ পর্যন্ত যারা পেয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী ওলাফ পামে (১৯৮৫), শান্তিতে নোবেল জয়ী ভারতীয় নাগরিক মাদার তেরেসা (১৯৮৭), দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা (১৯৮৯), শান্তিতে নোবেল জয়ী রেভ ডেসমন্ড টুটু (১৯৯০), ফিলিস্তিন মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত (১৯৯৩), অর্থনীতিবিদ প্রফেসর অমর্ত্য সেন (১৯৯৪), মায়ানমারের গণতন্ত্রীকামী নেতা অং সান সু চি (১৯৯৫), নোবেলজয়ী কথাশিল্পী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ (১৯৯৮) ও গুন্টার গ্রাস (১৯৯৯), জাতিসংঘের সাবেক মহাসচিব ড. জেভিয়ার পেরেজ দ্যা কুয়েলার (১৯৮৮), ভারতীয় ধ্র“পদী গায়ক উস্তাদ আলি আকবর খান (১৯৯৮), কিউবা বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রো (২০০০), গায়ক ও সুরকার পন্ডিত রবি শঙ্কর (২০০১), সবুজ বিপ্লবের পথিকৃৎ এম এস স্বামীনাথন (২০০২), সানাই বাদক উস্তাদ বিসমিল্লাহ খান (২০০৩), ভাস্কর সোমনাথ হোর (২০০৪), বৌদ্ধ ও তিব্বতীয় শাস্ত্রের অধ্যাপক আর্নেস্ট স্টেইনকেলনার (২০০৬), চিত্রকর ও লেখক দিনকার কৌশিক (২০০৭), ভারতের রাজনীতিক প্রণব মুখার্জী (২০০৮) এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০০৯)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৯৫৫ ঘ.