২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়াতে প্রস্তাব পিডিবির

অর্থমন্ত্রীর দাম বাড়ানোর আভাসের পর পাইকারি বিদ্যুতের দাম ১১ শতাংশ হারে বাড়াতে বিইআরসিকে প্রস্তাব দিয়েছে পিডিবি। এই প্রস্তাব গৃহীত হলে চলতি বছর বিদ্যুতের দাম দ্বিতীয় দফা বাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাইকারি দাম গড়ে ১১ শতাংশ হারে বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সংসদে বিদ্যুতের দাম বাড়ানোর আভাস দেওয়ার একদিন বাদেই এই প্রস্তাব দেওয়া হল। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ফুয়েল কস্ট এডজাস্টমেন্ট (তেলের দাম সমন্বয়) করার জন্য পিডিবি এ প্রস্তাব দিয়েছে।” চলতি মাসের ১ তারিখ থেকে নতুন হার কার্যকরের সুপারিশও করেছে পিডিবি। পিডিবির প্রস্তাবে বলা হয়, সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে গেছে। এ কারণে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ৭৪ পয়সা থেকে ১১ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ১৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছে। বর্তমানে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় জ্বালানি তেল (ডিজেল ও ফার্নেস অয়েল) থেকে, বাকি বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস, কয়লা ও জল (হাইড্রো) থেকে। সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর জ্বালানির তেলের দাম বাড়ানো হয়। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, পেট্রোল ৯১ টাকা, অকটেন ৯৪ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে গত বছরের ২৪ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ওই ঘোষণা অনুযায়ী গত বছরেই তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দফা দাম বাড়ানো হয়েছে। সে অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ টাকা ৭৪ পয়সা, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। পিডিবির প্রস্তাাবে আরো বলা হয়, প্রতিবছর বিদ্যুতের চাহিদা আট থেকে ১০ শতাংশ বাড়ছে। বর্র্ধিত বিদ্যুতের চাহিদা মেটাতে পিডিবি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ভাড়াভিত্তিকের (রেন্টাল) পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন (আইপিপি খাত) কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনছে। “ভাড়াভিত্তিক ও ব্যক্তিমালিকানার এসব বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ জ্বালানি তেলনির্ভর। তাই ক্রমাগত জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে।” পিডিবির প্রস্তাবে আরো বলা হয়, একক ক্রেতা হিসেবে পিডিবি ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে। এই বিদ্যুৎ পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে খুচরা গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করে পিডিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২২৩০ ঘ.