ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কার্যক্রম ও সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করতে বুধবার ঢাকা আসছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জিউ ঝাও।
দুদিনের এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও রেলমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার।
এ সময় অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আলোচনা করবেন অর্থায়ন জটিলতায় আটকে থাকা পদ্মা সেতু প্রকল্পে যুক্ত সংস্থা এডিবির ভাইস প্রেসিডেন্ট। এ প্রকল্পে সংস্থাটির ৩৫ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। তবে বিশ্ব ব্যাংক ‘দুর্নীতির’ অভিযোগ তুলে অর্থায়ন স্থগিতের পর এডিবিও অর্থ ছাড় করেনি।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য দূর করার লক্ষ্যে ম্যানিলাভিত্তিক এডিবি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২১২৯ ঘ.
bdnews24