ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার প্রকল্পের পুরো কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক আলোচনা সভায় যোগাযোগমন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২ কিলোমিটার চার লেন করা হবে। আগামী মার্চের মধ্যে শেষ হবে ৮০ কিলোমিটারের কাজ। পুরো কাজ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরে।
সড়ক দুর্ঘটনা নিয়ে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার আয়োজিত এ আলোচনা সভায় মন্ত্রী জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ১৯টি দুর্ঘটনাপ্রবণ এলাকা চওড়া করার কাজ শুরু হয়েছে।
ঢাকা-আরিচা, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ৬টি ফুটওভারব্রিজের নির্মাণকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে বলেও জানান যোগাযোগমন্ত্রী।
অতিরিক্ত গতিতে এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়িচালনা বন্ধে হাইওয়ে পুলিশকে ২৪টি স্পিডগান এবং ২৭টি এলকোহল ডিটেক্টর মেশিন দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ডেপুটি এটর্নি জেনারেল মো. হারুন-অর-রশিদ ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24