ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ার মতো জাপানও চট্টগ্রামে স্বতন্ত্র একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তুলতে যাচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে এক মন্ত্রীর সঙ্গে দেখা করার পর ঢাকায় জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা একথা জানান।
রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে একটি স্বতন্ত্র ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে জাপান।
এই বিষয়ে জাপান সরকার ইতোমধ্যে সমীক্ষা শুরু করেছে। সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুততম সময়ের মধ্যেই এই ইপিজেড স্থাপনে জাপান সরকার ব্যবস্থা নেবে।
সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করেন জাপানি রাষ্ট্রদূত।
ইপিজেড স্থাপনের উদ্যোগের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, তিনি আশা করছেন, সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল অবশ্যই ইতিবাচক হবে।
“এ ইপিজেড হলে বাংলাদেশে ভবিষ্যতে জাপানের বিনিয়োগও বাড়বে। জাপানের শিল্পমালিকরা অবশ্যই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন,” বলেন তিনি।
হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য গঠিত বিসিসিআরএফ তহবিলে অর্থ সহায়তা, রাঙ্গুনিয়া ইপিজেডে জাপানি বিনিয়োগ এবং কর্ণফুলী টানেল নির্মাণে জাপান সরকারের সহায়তা প্রত্যাশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০০ ঘ.
bdnews24