ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উত্তরাঞ্চলের চর এলাকাগুলোতে সরকারি সেবার অভাবে চাষীদের মরিচ উৎপাদন ও বাজারজাতকরণে বাধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছেন এ সংক্রান্ত একটি সেমিনারের বক্তারা।
মরিচ বাজারজাতকরনের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্মের কথাও তুলে ধরেন তারা।
মঙ্গলবার সকালে মহাখালী ব্রাক সেন্টারে বেসরকরারি সংস্থা (এনজিও) অক্সফাম আয়োজিত ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের চর এলাকায় মরিচের মুল্য নির্ধারনে প্রতিবন্ধকতা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।
বক্তারা বলেন, জমিতে মরিচ চাষ শুরু থেকে শেষ পর্যন্ত এই চাষীরা সুদের কারবারি, ফরিয়া, মধ্যস্বত্তভোগীদের কাছে জিম্মি হয়ে থাকছে। মসলা কোম্পানিগুলোর কাছে সরাসরি তারা উৎপাদিত মরিচ বিক্রি করতে পারে না।”
মরিচ চাষের ক্ষেত্রে সরকারিভাবে সহযোগিতার অভাবের কথাও তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসানুল হক বলেন, “মরিচ চাষ চর অঞ্চলের মানুষের জীবনযাত্রা পালটে দিয়েছে। কৃষকরা নায্যমুল্য পেলে তা দেশের উন্নয়নের জন্য শুভ ফল বয়ে আনবে।”
তিনি বলেন, “দেশ বর্তমানে চাল উৎপাদনের ক্ষেত্রে স্ময়ংসম্পূর্ণতা অর্জন করলেও বিভিন্ন সমস্যার কারণে অন্যান্য ফসল যেমন, ভুট্টা, সবজি এবং মরিচের ক্ষেত্রে কাঙ্খিত লক্ষ্যে পৌছনো সম্ভব হয় নি। তাই এসব ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় প্রকল্প সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষনের ব্যাবস্থা করছে।”
এ সময় মরিচ উৎপাদন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন মরিচ চাষী হাজেরা বেগম।
তিনি বলেন, “অনেক প্রতিবন্ধকতার পরেও আমরা মরিচ চাষ করি। কাচা মরিচ বাজারে বিক্রির পরে লাল মরিচ শুকিয়ে বিক্রি করি। কিন্তু হাটে আমরা কখনোই নায্য মূল্য পাই না। বিভিন্ন বেসরকারি সংস্থা আমাদের প্রশিক্ষণ সহযোগিতা দিলেও সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না।”
অক্সফামের প্রোগ্রাম ম্যানেজার এমবি আকতার বলেন, “অক্সফাম চর এলাকার এসব মরিচ চাষীদের সংগঠিত করে দেশের বড় বড় মরিচ ব্যবসায়ীদের তাদের সংযোগ স্থাপনে সহযোগিতা করবে।”
মরিচ ছাড়াও দেশের উত্তরাঞ্চলে দুধ ও ভুট্টা উৎপাদনকারী ও দক্ষিণাঞ্চলে হাঁস ও কাঁকড়া উৎপাদনকারীদের অক্সফাম সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিমার্কের প্রধান নির্বাহী সাইফুদ্দিন খালেক। এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ গ্র“পের প্রতিনিধি মাহাতাব উদ্দিন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, মসলা গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শওকত মল্লিক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ফল ও ফসল বিভাগের পরিচালক ড. মুকুল চন্দ্র বোস, কৃষিবিদ ড. রফিকুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬২৯ ঘ.
bdnews24