২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা ‘উত্তোলন পদ্ধতি নির্ধারণে আরো সময় লাগবে’

নির্ধারিত সময়ের পর এক মাস পেরিয়ে গেলেও কয়লা উত্তোলন পদ্ধতি সম্পর্কে প্রতিবেদন দেয়নি সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের পর এক মাস পেরিয়ে গেলেও কয়লা উত্তোলন পদ্ধতি সম্পর্কে প্রতিবেদন দেয়নি সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি। এই প্রতিবেদন কবে জমা দেওয়া সম্ভব হবে তাও বলতে পারছেন না কমিটির প্রধান ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ভালো কিছু পেতে সময় বেশি লাগে। কমিটি সব দিক বিচার বিবেচনা করে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরির জন্য কাজ করছে।” প্রতিবেদন তৈরি হতে আর কতোদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, “তা বলা সম্ভব না, আরো সময় লাগবে। কাজটি টেকনিক্যাল, এজন্য সময় বেশি লাগছে।” কয়লা উত্তোলনের পদ্ধতি, পানি ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক ও পরিবেশগত ভারসম্য রক্ষা এবং পুর্নবাসনের বিষয়ে মতামত দিতে গত ৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের এই বিশেষজ্ঞ কমিটি করে সরকার। কমিটির প্রথম সভা অনুষ্ঠানের পর চার মাসের তারা সুপারিশ জমা দেবে বলে সে সময় জানানো হয়েছিল। কমিটির প্রথম সভা হয় গত বছরের ১২ অক্টোবর। ওইদিন সভার পর মোশাররফ হোসেন বলেছিলেন, “কয়লা খনিগুলো থেকে উম্মুক্ত না ভূ-গর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে- তাও ঠিক করবে কমিটি।” কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভূ-গর্ভস্থ পদ্ধতির পাশাপাশি উম্মুক্ত পদ্ধতিতেও কয়লা উত্তোলনের ব্যাপারে সুপারিশ করতে যাচ্ছে কমিটি। এজন্য নানা দিক বিবেচনা করে বিষয়টি চূড়ান্ত করতে করার জন্য সময় বেশি লাগছে। প্রতিবেদনের খসড়াই এখনো চূড়ান্ত হয়নি বলেও উল্লেখ করেন কমিটির সদস্যরা। এর আগে গত বছরের এপ্রিল মাসে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে প্রধান করে খসড়া কয়লানীতি প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়। একই বছরের অক্টোবরে খসড়া কয়লানীতি প্রণয়ন করে জনগণের মতামত নিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে ওই কমিটি। কিন্তু এরপর তা আর চূড়ান্ত হয়নি। কয়লা উত্তোলনের পদ্ধতি নির্ধারণে গঠিত কমিটির সদস্যরা জানান, তাদের মোট পাঁচটি বিষয়ে মতামত দিতে বলা হয়েছে। দেশের খনিক্ষেত্রগুলোর ভূ-তাত্ত্বিক, ভূ-রাসায়নিক, ভূ-গর্ভস্থ পানির আধার ও অন্য প্রাসঙ্গিক কারিগরি বিষয় বিশ্লেষণ করে কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলন পদ্ধতি সম্পর্কে সুপারিশ করার পাশাপাশি প্রস্তাবিত কয়লা উত্তোলন পদ্ধতির আওতায় ভূ-গর্ভস্থ পানির স্তরের ওপর প্রভাব ও প্রতিকার সম্পর্কেও মতামত দেবেন তারা। এছাড়া কয়লা উত্তোলনের ফলে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি (ভূমি, ফসল, বসতবাড়ি); অন্যান্য অবকাঠামোর ক্ষতি এবং আর্থিক ও সামাজিক লাভের তুলনামূলক বিশ্লেষণ; স্বীকৃত পদ্ধতি অনুসরণে কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং সম্ভাব্য বায়ুদূষণ ও পরিবেশের ওপর প্রভাবও বিশ্লেষণ করবে এই কমিটি। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার করেছে। দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া; জয়পুরহাটের জামালগঞ্জ এবং রংপুরের খালসপীরের এসব খনিতে কয়লার সম্ভাব্য মজুদ প্রায় তিন হাজার ৩০০ মিলিয়ন টন বলে ধারণা করা হয়। এর মধ্যে বড়পুকুরিয়ায় ৩৯০ মিলিয়ন টন, ফুলবাড়ীতে ৫৭২ মিলিয়ন টন, দীঘিপাড়ায় ৬০০ মিলিয়ন টন, জামালগঞ্জে এক হাজার ৫৩ মিলিয়ন টন এবং খালসপীরে ৬৮৫ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ভূ-গর্ভস্থ পদ্ধতিতে দৈনিক প্রায় তিন হাজার টন কয়লা তোলা হচ্ছে, যার বেশিরভাগটাই ব্যবহৃত হচ্ছে সেখানকার ২৫০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রে। ২০০৫ সালে এ খনি থেকে উত্তোলন শুরুর পর গত ছয় বছরে ৪২ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছে বলে কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১১০৫ ঘ.