২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে ৫ মন্ত্রীর বৈঠক

পদ্মা সেতু নিয়ে জরুরি বৈঠক করেছেন সরকারের জ্যেষ্ঠ পাঁচ মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে জরুরি বৈঠক করেছেন সরকারের জ্যেষ্ঠ পাঁচ মন্ত্রী। অর্থমন্ত্রণালয়ে সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ বৈঠক করেন। বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “এটা আমাদের পলিটিক্যাল ব্যাপার। অনেক দিন আমরা আমাদের পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করিনি। সে জন্যই আমরা এক সঙ্গে বসেছিলাম।” তবে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “বৈঠকে পদ্মা সেতুর বিষয়টি আলোচনায় এসেছে।” সার্বিক অবস্থা বিবেচনায় পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চা খেতে একত্র হয়েছিলাম।” এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করার পর অর্থমন্ত্রী মুহিত বার বার বলে আসছিলেন, শিগগিরই সৃষ্ট জটিলতার সমাধান হয়ে যাবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি-বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) পদ্মা সেতু নির্মাণ করা হবে। মালয়েশিয়া সরকার পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলেও সরকারিভাবে দাবি করা হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৯৪১ ঘ.