ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আগামীতে আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চলতি অর্থবছরে বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ দ্বিগুণ হবে বলেও জানিয়েছেন তিনি। এর ফলে সংশোধিত বাজেটে সম্ভাব্য বাজেট ঘাটতি ৪৫ হাজার ২০৫ কোটি টাকা (জিডিপি’র ৫ শতাংশ) থেকে বেড়ে ৪৬ হাজার ৩২৮ কোটি টাকায় (জিডিপি’র ৫ দশমিক ১ শতাংশ) গিয়ে ঠেকবে বলে তথ্য দিয়েছেন তিনি।
রোববার অর্থমন্ত্রী ‘জাতীয় সংসদে বাজেট ২০১১-১২: দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ’ শীর্ষক যে প্রতিবেদন উপস্থাপন করেন তাতে এ সব তথ্য দেওয়া হয়।
প্রতিবেদনে অর্থমন্ত্রী বলেন, “ভর্তুকির চাপ কমানো এবং সরকারি ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার উদ্দেশ্যে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার পর্যায়ক্রমিকভাবে মূল্য সমন্বয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।”
“ইতিমধ্যে একাধিকবার মূল্য সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমন্বয় অব্যাহত থাকবে যতক্ষণ না জ্বালানির দেশীয় মূল্য আমদানি মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।”
গতবছর সব ধরনের জ্বালানি তেলের দাম চার দফা বাড়ায় সরকার। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সর্বশেষ বাড়ে গত ১ ফেব্রুয়ারি।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে অনুন্নয়ন খাতের কিছু ক্ষেত্রে যেমন- ভর্তুকির ব্যবস্থাপনায় ব্যয় বেড়েছে।
চলতি বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ জিডিপি’র ২ দশমিক ৩ শতাংশ ধরা হলেও বর্তমানে বিভিন্ন সংস্থা থেকে যে বিপুল পরিমাণ ভর্তুকির দাবি এসেছে তা বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ (জিডিপি’র ৪ দশমিক ৩ শতাংশ)।
রাজস্ব প্রাপ্তির দিকে লক্ষ্য রেখে এ দাবিগুলোকে অগ্রাধিকারভিত্তিক করে এবং বিভিন্ন খাতের মধ্যে আন্তঃসমন্বয়ের মাধ্যমে এ বছর ভর্তুকি বাবদ ৩ দশমিক ২ শতাংশ বরাদ্দের ব্যবস্থা নেওয়া হচ্ছে- বলা হয় প্রতিবেদনে। বাকি ১ দশমিক ১ শতাংশ আগামী অর্থবছরে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।
মুহিত বলেন, “জ্বালানি খাত থেকে উৎসারিত বাড়তি ভর্তুকি ব্যয়ের কারণে এবং স¤প্রসারণশীল রাজস্ব খাতের প্রসারে সৃষ্ট মূল্যস্ফীতি, লেনদেনের ভারসাম্যে অস্থিরতা, বেসরকারি খাতে ঋণ সংকটসহ সার্বিক অর্থনীতির উপর সম্ভাব্য চাপ বিবেচনা করে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
প্রতিবেদন উপস্থাপনের আগে অর্থমন্ত্রী বিএনিপর সোমবারের মহাসমাবেশ প্রসঙ্গে বলেন, “বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। সে লক্ষ্যেই এ কর্মসূচি দিয়েছে।”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মুহিত বলেন, “তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটা দেশে নৈরাজ্য সৃষ্টির জন্যই। তার সমস্যা হলো তিনি গণতন্ত্র বিশ্বাস করেন না। তিনি দুইবার দেশের কর্ণধার ছিলেন।”
“কিন্তু তিনি একবারও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারেননি। আমার মনে হয় তার এ উদ্যোগ তার দুই ছেলের বিরুদ্ধে মামলা এবং যুদ্ধাপরাধীদের মামলা বানচাল করার জন্য।”
‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীতে সোমবার মহাসমাবেশ করছে বিএনপি; যাতে সারা দেশ থেকে দলটির নেতা-কর্মীদের যোগ দেওয়া কথা। এ কর্মসূচির দিন এবং আগের দিন ঢাকার সঙ্গে দেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা এ জন্য সরকার ও সরকারি দল সংশ্লিষ্টদের ‘নির্দেশ’ থাকার কথা বললেও সরকার তা অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮১৪ ঘ.
bdnews24