ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, সরকারের অতিরিক্ত ভতুর্কির কারণে ব্যাংক ঋণের সুদের হার বেড়েছে।
তিনি বলেছেন, “চলতি অর্থবছরে সরকারের রপ্তানি আয় ও প্রবাসী আয়, উভয়ই বেড়েছে। কিন্তু সরকারের অতিরিক্ত ভতুর্কির কারণে সরকারের খরচ বেড়ে গেছে।”
“এতে করে সরকারের ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। এই ঋণ নেওয়ায় বেড়ে গেছে সুদের হার।”
শনিবার বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত কাউন্সিল চেম্বার অব প্রেসিডেন্টের এক সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এতে দেশের ৬৪টি জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা খরচ হচ্ছে। ফলে রিজার্ভের ক্ষেত্রেও কিছুটা ঝুঁকি সৃষ্টি হচ্ছে।”
সরকার কৃষকদের ভর্তুকির প্রতি আন্তরিক- এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দিতে সরকার আন্তরিকভাবে তাদের জন্যে ভর্তুকির ব্যবস্থা করেছে। কিন্তু এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীর কারণে এটা কৃষকরা পায় না।”
চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দ্রব্যমূল্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে জানিয়ে জিএম কাদের বলেন, “চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করা গেলে এটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।”
সভায় এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদ, প্রথম সহ-সভাপতি মো. জসিমউদ্দিন, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও বিভিন্ন জেলা চেম্বারের সভাপতিরা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৪৪ ঘ.
bdnews24